শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি ব্যবহার, দুই ব্যবসায়ীকে জরিমানা

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহার করে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কালীবাড়ি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই বাজারের মাছ ব্যবসায়ী মো. ওমর ফারুক (৪৫) ও সুশীল চন্দ্র দাস (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অতিরিক্ত ওজনের লোভে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে আসছিল। স্থানীয় লোকজনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে কালীবাড়ি বাজারে এ অভিযান করা হয়। অভিযানে চিংড়ি মাছে জেলি মেশানোর সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই ব্যবসায়ী নিজেদের দোষ স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে সহযোগিতা করেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফায়দুল্লাহ মিয়া এবং উপজেলা আনসার সদস্যরা। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy