

মোঃ এনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরসংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ উদ্যাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন), পঞ্চগড় জেলা শাখার সভাপতি হেজারুল রশিদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল হান্নান, সহসভাপতি তবিরুল ইসলাম মানিক ও হারুন রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, সহসাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু এবং কোষাধ্যক্ষ ছাদেকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সুজন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের প্রত্যেক সদস্যকে সচেতন, সংগঠিত ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে হেজারুল রশিদ প্রধান বলেন, সুজনের দুই যুগ পূর্তিতে আমাদের প্রত্যাশা—খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সুজনের জেলা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনে: সুশাসনের জন্য নাগরিক (সুজন), পঞ্চগড় জেলা শাখা।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রি.














