

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সমর্থনে মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনসহ পুলিশের পৃথক অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আমতলী থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে বুধবার রাত ৯টার দিকে ১০-১৫ জনের একটি দল মিছিল নিয়ে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসে।
এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাসস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা পটুয়াখালী-কুয়াকাটা রুটে চলাচলকারী ‘সিফাত’ পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। আকস্মিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পালিয়ে যাওয়ার সময় সিফাত আকন (১৫) ও রাব্বি আকন (১৭) নামে দুজনকে আটক করে। পরে রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. নাঈম হাওলাদার (১৬), মো. জোবায়ের মৃধা (১৬), মো. রাশেদুল হাওলাদার (১৬), মো. নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সাইমুন হাওলাদার (১৬), মো. ইমরান (১৬), মো. নাঈম (১৬) ও মো. আরিফ হোসেন (৩০)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনসহ অভিযান চালিয়ে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাশকতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.














