সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর থেকে কোরবান আলী (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কোরবান সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহার দারুল উলুম মাদরাসার উত্তর পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় কোরবান আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে পাচ্ছিলেন না।

একপর্যায়ে বুধবার সকালে স্থানিয় লোকজন ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy