

মালিকুজ্জামান কাকা :
নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ আর নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে শহরের ৫৭ গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন হচ্ছে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এই উদ্যোগ বাস্তবায়নের পথে। এই সঙ্গে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপন পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী অংশগ্রহণ বাস্তবায়িত হলে পুরো শহরকে সমন্বিত নজরদারি ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে।
যশোর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং অপরাধ সংঘটনের পর দ্রুত অপরাধী শনাক্ত করতেই এই উদ্যোগ। পরিকল্পনা অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, জনসমাগমপূর্ণ স্থান ও ঝুঁকিপূর্ণ এলাকায় এসব ক্যামেরা স্থাপন হবে। এআই প্রযুক্তির সহায়তায় ক্যামেরায় ধারণ করা ভিডিও বিশ্লেষণে সন্দেহজনক গতিবিধি ও নির্দিষ্ট ধরনের অপরাধ কর্মকান্ড শনাক্ত করার সুযোগ তৈরি হবে। প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাদক কারবার, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকন্ড এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরো গতিশীল হবে প্রত্যাশা। বিশেষ করে অপরাধ সংঘটনের পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ, অপরাধী চলাচলের পথ অনুসরণ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাম্প্রতিক যশোর শহরে কয়েকটি অপরাধ ও সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে নগরীর নিরাপত্তা ব্যবস্থায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় ককটেল বিস্ফোরণে জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায়। এই পরিস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ মানছেন সচেতন নাগরিক। প্রচলিত সিসিটিভি ক্যামেরা মূলত ভিডিও ধারণ ও সংরক্ষণে ব্যবহৃত হয়।
আর এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা সফটওয়্যারের সক্ষমতা অনুযায়ী ধারণ করা ভিডিও বিশ্লেষণে নির্দিষ্ট ঘটনা, অস্বাভাবিক গতিবিধি ও নির্ধারিত বৈশিষ্ট্যের বস্তু শনাক্ত করতে পারে। এতে যানবাহনের নম্বরপ্লেট শনাক্তকরণ, নির্দিষ্ট এলাকায় চলাচল পর্যবেক্ষণ ও সন্দেহজনক ঘটনায় সতর্কবার্তা দেওয়া সুবিধা থাকতে পারে। তবে এসব সুবিধা নির্ভর করে ব্যবহৃত ক্যামেরা, সফটওয়্যার, ডেটাবেজ ও কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার সক্ষমতায়। এআই ক্যামেরা স্থাপণে স্বয়ংক্রিয় সব অপরাধ শনাক্ত বা প্রতিরোধ করা সম্ভব নয়।
এর কার্যকারিতা নিশ্চিতে দক্ষ জনবল, প্রযুক্তিগত সক্ষমতা এবং দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের সমন্বয় প্রয়োজন। তবে যশোর শহরে নিরাপত্তা নজরদারিতে ক্যামেরা স্থাপনের অভিজ্ঞতা নতুন নয়। ২০১৭ সালে পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ ৭৬ পয়েন্টে ১৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। তবে পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ ও পরিচালনাগত সমস্যায় অনেক ক্যামেরা অচল হয়ে পড়ে। এবারের ১৭৬ এআই ক্যামেরা প্রকল্পে তাই শুধু স্থাপন নয়, দীর্ঘমেয়াদি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। ক্যামেরা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ, সার্বক্ষণিক মনিটরিং, দক্ষ প্রযুক্তিগত জনবল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি ভিডিও ফুটেজ সংরক্ষণ, তথ্যের অপব্যবহার রোধ এবং ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় সুস্পষ্ট নীতিমালা অনুসরণ করা জরুরি।
যশোর শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ প্রত্যিকটা রাস্তা আওতায় আনার জন্য পেশাজীবী সকল ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এ সময় তারা ব্যবসায়ীদের অনুরোধ করেন তাদের প্রতিষ্ঠানের সামনে সিসি টিভি ক্যামেরা স্থাপনের জন্য।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, যশোর গুরুত্বপূর্ণ জেলা শহর। প্রতিদিন অসংখ্য মানুষ ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ নানা প্রয়োজনে শহরে যাতায়াত করেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো আধুনিক প্রযুক্তির নজরদারির আওতায় এলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে। তিনি বলেন, ১৭৬ এআই ক্যামেরা স্থাপন উদ্যোগ সফল বাস্তবায়িত হলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে হবে। প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীরাও নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করবেন। এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক এলাকা বৃহত্তর নিরাপত্তা নজরদারি ব্যবস্থায় যুক্ত হবে। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, যশোর শহরের ৫৭ গুরুত্বপূর্ণ স্থানে ১৭৬টি এআই ক্যামেরা স্থাপন উদ্যোগ নগরীর নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। তবে এ ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করবে ক্যামেরার নিয়মিত রক্ষণাবেক্ষণ, সার্বক্ষণিক মনিটরিং ও অপরাধ শনাক্ত হওয়ার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে। তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা গেলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে অপরাধ দমনের পাশাপাশি নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শহরের ঝুঁকিপূর্ণ এলাকা ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। এসব এলাকায় এআই ক্যামেরা স্থাপনে অপরাধীদের শনাক্তকরণ, অপরাধ সংঘটনের সঙ্গে জড়িতদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অপরাধ প্রতিরোধে পুলিশের সক্ষমতা বাড়বে। তিনি জানান, প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, যশোর শহরের নিরাপত্তা নিশ্চিতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এ প্রকল্পে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেছে। ফলে দ্রুত ও সহজে ক্যামেরা স্থাপন কাজ সম্পন্ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.














