পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩.১ ডিগ্রি

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা, সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। গত ১০ দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। রাত থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ভোর থেকে ঘন কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এরই মাঝে সূর্য উঁকি দিতেই আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে কুয়াশা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সকাল থেকে কুয়াশা উপেক্ষা করে গায়ে শীতের কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হন শ্রমজীবী মানুষ। এই পরিস্থিতিতে উত্তরের জেলা পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা কখনো ১৪ ডিগ্রির মধ্যে, আবার কখনও এর নিচে অবস্থান করছে।

তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার কৃষক আমিরুল ইসলাম বলেন, পঞ্চগড়ে প্রতিদিনই সকালবেলা কুয়াশা থাকছে। হিমেল বাতাস শরীর নাড়িয়ে দিচ্ছে। সকালবেলা কৃষিকাজ করতে খুব কষ্ট হয়। মরিচ ও আলু চাষাবাদের জন্য জমি তৈরি করছি, কিন্তু সকালে জমিতে কাজ করতে গেলে ঠান্ডার কারণে সমস্যায় পড়তে হয়।
সদর উপজেলার প্রধান পাড়া এলাকার দিনমজুর সলেমান আলী বলেন, শীত আমাদের গরিব মানুষের জন্য কষ্ট বয়ে আনে। শীত ও কুয়াশা বেশি হলে ঠান্ডায় কাজ করা যায় না। অনেক সময় কাজ না পেয়ে ফিরে আসি। যা আয় হয়, তা দিয়ে পরিবারের সদস্যদের জন্য বাজার নিয়ে আসি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে প্রতিদিনই শীতের আমেজ বিরাজ করছে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। বেলা বাড়ার পর রোদের কারণে শীতের তীব্রতা কমে এবং জনজীবনে স্বস্তি ফেরে। জেলায় চলতি মাসের শেষে আরও শীত বাড়তে পারে বলে জানিয়েছেন।

প্রকাশিত:  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy