

মিজানুর রহমান রানা :
সোগুতের সকালটা আগের রাতের মতো ছিল না।

যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু বাতাসে তখনো বারুদের গন্ধ লেগে আছে। ময়দানে ভাঙা ঢাল, ভাঙা তীর, রক্তে ভেজা মাটি পড়ে আছে। মেয়েরা আহতদের সেবা করছে। কেউ পানি দিচ্ছে, কেউ কাপড় দিয়ে ক্ষত বেঁধে দিচ্ছে।
আরতুগ্রুল তাঁবুর সামনে দাঁড়িয়ে আছে। তার কাঁধে এখনো ব্যান্ডেজ বাঁধা। গতকাল নোয়ানের তলোয়ারের আঘাতটা গভীর ছিল। কিন্তু তার চোখে কোনো ক্লান্তি নেই। তার চোখে শুধু একটা প্রশ্ন — নোয়ানকে নিয়ে কী করা হবে?
তাঁবুর ভেতরে একটা খুঁটির সাথে বাঁধা আছে নোয়ান। তার হাত-পা বাঁধা। মুখে ধুলো, চোখে পরাজয়ের লজ্জা। কাল যে মানুষটা পাঁচশো সৈন্য নিয়ে সোগুতকে মাটির সাথে মিশিয়ে দিতে এসেছিল, আজ সে একা, বন্দি।
সঙ্গুরটেকিন বে বললো, “আরতুগ্রুল, নোয়ানকে নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। তাকে ছেড়ে দিলে সে আবার আসবে। তাকে বাঁচিয়ে রাখা মানে সোগুতের বিপদকে বাঁচিয়ে রাখা।”
গুন্দোগদু বে বললো, “আমি সঙ্গুরটেকিনের সাথে একমত। নোয়ান বারবার সুযোগ পেয়েছে। বারবার সে বিশ্বাসঘাতকতা করেছে। এবার আর ক্ষমা নয়।”
বামসি বললো, “আমি তো কাল থেকেই বলছি, এই লোকটাকে শেষ করে দাও। একে ছেড়ে দিলে আবার মাথা তুলবে। সাপকে দুধ খাওয়ালে কি সাপ ভালো হয়ে যায়?”
দোগান আল্প তার ক্ষততে হাত দিয়ে বললো, “বে, আমার শরীরে এখনো নোয়ানের সৈন্যদের তীরের দাগ আছে। আমার ভাইয়েরা মরেছে এই লোকটার জন্য। আমি চাই, এর বিচার হোক। সোগুতের ময়দানে সবার সামনে এর বিচার হোক।”
তুরগুত তার কুড়ালটা মাটিতে ঠেকিয়ে বললো, “বে, তুমি যা বলবে তাই হবে। কিন্তু আমার মন বলছে, এই লোকটা বেঁচে থাকলে আমাদের শান্তি হবে না।”
আরগুত আল্প বললো, “আমি সবার সাথে একমত।”
আবদুর রহমান চুপ করে ছিল। সে বললো, “বে, আমি শুধু একটা কথা বলবো। ন্যায়ের বিচার হতে হবে। যাতে সোগুতের মানুষ বোঝে, অপরাধ করলে শাস্তি পেতে হয়।”
আরতুগ্রুল সবার কথা শুনলো। তারপর আস্তে করে বললো, “তোমরা সবাই ঠিক বলেছো। আমি কাল নোয়ানকে বন্দি করেছিলাম। আমি ভেবেছিলাম, তাকে দেখিয়ে দেবো আমরা কীভাবে রাষ্ট্র বানাই। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, রাষ্ট্র বানাতে গেলে মাঝে মাঝে কঠিন হতে হয়। নোয়ানকে বারবার ক্ষমা করেছি। সে প্রতিবার সেই ক্ষমাকে দুর্বলতা ভেবেছে।”
সে একটু থামলো। তারপর সবার দিকে তাকিয়ে বললো, “সবাই মিলে সিদ্ধান্ত নাও। আমি একা সিদ্ধান্ত নেবো না।”
সঙ্গুরটেকিন বললো, “তাহলে আমার সিদ্ধান্ত পরিষ্কার। নোয়ানকে ফাঁসি দিতে হবে।”
গুন্দোগদু বললো, “ফাঁসি।”
বামসি বললো, “ফাঁসি! আজই! সোগুতের ময়দানে!”
দোগান, তুরগুত, আরগুত, আবদুর রহমান — সবাই একসাথে বললো, “ফাঁসি!”
আরতুগ্রুল চোখ বন্ধ করলো। তার বুকের ভেতরটা কেঁপে উঠলো। সে মানুষ মারতে ভালোবাসে না। কিন্তু সে জানে, একজন খুনিকে ছেড়ে দিলে শত শত নিরীহ মানুষ মরবে।
সে চোখ খুলে বললো, “ঠিক আছে। সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আজ দুপুরে, সোগুতের ময়দানে, সবার সামনে নোয়ানের ফাঁসি হবে। এটা হবে সোগুতের ন্যায়ের বিচার।”
খবরটা মুহূর্তের মধ্যে সারা সোগুতে ছড়িয়ে পড়লো। মানুষ ময়দানে জড়ো হতে লাগলো। মেয়েরা, বাচ্চারা, বৃদ্ধরা — সবাই এসেছে।
ময়দানের মাঝখানে একটা ফাঁসির মঞ্চ বানানো হলো। দোগান আল্প নিজে দাঁড়িয়ে থেকে মঞ্চটা তৈরি করালো।
নোয়ানকে নিয়ে আসা হলো। তার হাত বাঁধা। তাকে মঞ্চের উপর দাঁড় করানো হলো।
নোয়ান চারদিকে তাকালো। তার চোখে এখন আর অহংকার নেই। সে বললো, “আরতুগ্রুল, তুমি আমাকে মারবে? তুমি তো ক্ষমা করতে জানতে।”
আরতুগ্রুল বললো, “নোয়ান, ক্ষমারও একটা সীমা থাকে। তুমি সেই সীমা পার করে ফেলেছো। তুমি শুধু আমার শত্রু না, তুমি সোগুতের শিশুদের শত্রু, মায়েদের শত্রু। তোমাকে শাস্তি না দিলে আমি সোগুতের বে থাকার যোগ্য না।”
ইবনে আল আরাবি এগিয়ে এলেন। তিনি বললেন, “বেটা, ন্যায় কঠিন, কিন্তু ন্যায় ছাড়া রাষ্ট্র টেকে না। আজ তুমি যা করছো, তা প্রতিশোধের জন্য না, ন্যায়ের জন্য করছো।”
সবাই অপেক্ষা করছে। দোগান আল্প ফাঁসির দড়িটা হাতে নিলো। বামসি চিৎকার করে বললো, “দোগান, দেরি করো না।”
ঠিক তখনই, ঠিক ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে, দূর থেকে ধুলো উড়িয়ে একদল ঘোড়সওয়ার এলো।
সামনে একজন মানুষ। মাথায় পাগড়ি, গায়ে দামি পোশাক, চোখে রাজনীতির চাল। সবাই তাকে চেনে। সে হলো আমির সাদেত্তিন।
সাদেত্তিন ঘোড়া থেকে নেমেই চিৎকার করে বললো, “থামো! থামো আরতুগ্রুল! নোয়ানকে ফাঁসি দেওয়া যাবে না!”
সারা ময়দান চুপ হয়ে গেল।
আরতুগ্রুল অবাক হয়ে বললো, “আমির সাদেত্তিন! আপনি? আপনি এখানে কেন?”
সাদেত্তিন হাঁপাতে হাঁপাতে বললো, “আরতুগ্রুল, আমি অনেক দূর থেকে ছুটে এসেছি। তুমি নোয়ানকে ফাঁসি দিও না। তুমি জানো না, নোয়ানের বদলে আমরা অনেক বড় কিছু পেতে পারি।”
সঙ্গুরটেকিন রেগে বললো, “আমির, আপনি আমাদের বিচারে বাধা দিচ্ছেন কেন? এই লোকটা আমাদের মানুষ মেরেছে!”
সাদেত্তিন বললো, “আমি জানি। আমি সব জানি। কিন্তু শোনো, মোঙ্গলদের হাতে আমাদের রাজ্যের পাঁচজন বন্দি আছে। পাঁচজন বড় বে, বড় আলেম। তারা মাসের পর মাস বন্দি। তাদের পরিবার কাঁদছে। মোঙ্গলরা বলেছে, নোয়ানকে ছেড়ে দিলে তারা আমাদের পাঁচজনকে ছেড়ে দেবে।”
আরতুগ্রুলের বুকটা ধক করে উঠলো।
সাদেত্তিন আরো বললো, “আরতুগ্রুল, ভেবে দেখো। একজন নোয়ানের জীবনের বদলে পাঁচজন নিরীহ মানুষের জীবন। তুমি যদি নোয়ানকে ফাঁসি দাও, তাহলে ওই পাঁচজনকে মোঙ্গলরা মেরে ফেলবে। তাদের রক্ত তোমার হাতে লাগবে।”
বামসি বললো, “এটা মোঙ্গলদের চাল হতে পারে! এরা মিথ্যা বলছে!”
সাদেত্তিন বললো, “না বামসি, এটা সত্যি। আমি নিজে খবর নিয়েছি। চুক্তি প্রায় হয়ে গেছে। শুধু তোমার একটা হ্যাঁ লাগবে। বন্দী বিনিময় হবে। নোয়ান যাবে, আমাদের পাঁচজন ফিরে আসবে।”
আরতুগ্রুল মাটির দিকে তাকিয়ে রইলো। তার চোখে পানি। একদিকে সোগুতের মানুষের ন্যায়, অন্যদিকে পাঁচজন বন্দির জীবন।
গুন্দোগদু বললো, “আরতুগ্রুল, এটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু পাঁচজনকে বাঁচানো আমাদের দায়িত্ব।”
সেলজান হাতুন মেয়েদের দিক থেকে এগিয়ে এসে বললেন, “আরতুগ্রুল, ওই পাঁচজনের মায়েরা কেমন করে কাঁদছে, একবার ভাবো। তুমি তো হালিমাকে হারিয়েছো। তুমি জানো, আপনজন হারানোর কষ্ট কেমন।”
ইবনে আল আরাবি বললেন, “বেটা, কখনো কখনো বড় ন্যায়ের জন্য ছোট ন্যায়কে ছাড়তে হয়। আজ তুমি যদি নোয়ানকে ছেড়ে দাও, সেটা দুর্বলতা হবে না। সেটা হবে বড় বীরত্ব।”
আরতুগ্রুল অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর সে নোয়ানের দিকে তাকালো। নোয়ানও তাকিয়ে আছে। তার চোখে আশা।
আরতুগ্রুল কাঁপা গলায় বললো, “ঠিক আছে আমির সাদেত্তিন। আমি মেনে নিলাম। অনেক কষ্টে মেনে নিলাম। কিন্তু মনে রাখবেন, এই সিদ্ধান্ত আমি আমার মনের বিরুদ্ধে নিচ্ছি। সোগুতের মানুষের চোখে আমি আজ ছোট হয়ে গেলাম।”
সাদেত্তিন বললো, “না আরতুগ্রুল, তুমি আজ আরো বড় হয়ে গেলে। তুমি একজন শত্রুকে ছেড়ে পাঁচজন ভাইকে বাঁচালে।”
আরতুগ্রুল হাত তুলে বললো, “দোগান, দড়িটা খুলে দাও। নোয়ানকে ছেড়ে দাও।”
দোগান অবাক হয়ে বললো, “বে!”
আরতুগ্রুল বললো, “খুলে দাও দোগান। এটা আমার আদেশ।”
দোগান চোখে পানি নিয়ে দড়িটা খুলে দিলো। নোয়ান মঞ্চ থেকে নামলো।
নোয়ান আরতুগ্রুলের সামনে এসে বললো, “আরতুগ্রুল, তুমি আমাকে আবার বাঁচিয়ে দিলে।”
আরতুগ্রুল বললো, “নোয়ান, আমি তোমাকে বাঁচাইনি। আমি পাঁচজন বন্দিকে বাঁচিয়েছি। তুমি চলে যাও। আর কোনোদিন সোগুতের দিকে চোখ তুলে তাকাবে না। এইবার যদি আসো, তাহলে কোনো আমির এসেও তোমাকে বাঁচাতে পারবে না।”
নোয়ানকে সাদেত্তিনের লোকেরা নিয়ে গেল। বন্দী বিনিময়ের জন্য।
ময়দানের মানুষ চুপচাপ দাঁড়িয়ে রইলো। কারো মুখে কথা নেই।
ঠিক তখনই আবদুর রহমান দৌড়ে এসে বললো, “বে! একটা খারাপ খবর আছে! রেডরিক নেই!”
আরতুগ্রুল চমকে উঠলো, “রেডরিক নেই মানে?”
আবদুর রহমান বললো, “কাল যুদ্ধের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁবুতে তার জিনিসপত্র আছে, কিন্তু সে নেই। আমার মনে হয়, সে পালিয়ে গেছে।”
বামসি বললো, “ওই লোকটা তো শুরু থেকেই সুবিধাবাদী ছিল। যুদ্ধ শেষ, তাই পালিয়ে গেছে।”
কিন্তু আরতুগ্রুলের মনে অন্য সন্দেহ হলো। রেডরিক এমনি এমনি পালানোর লোক না। সে টেম্পলারদের লোক। সে নিশ্চয়ই কোনো চাল চালছে।
আরতুগ্রুল বললো, “রেডরিক পালিয়ে গেছে, এটা ভালো খবর না। ও কোথায় গেছে, জানতে হবে। তুরগুত, তুমি যাও। তুমি জঙ্গলের রাস্তা ভালো চেনো। রেডরিকের খোঁজ নিয়ে আসো। একা যেও না, দুজনকে সাথে নিয়ে যাও।”
তুরগুত বললো, “বে, আপনি চিন্তা করবেন না। আমি রেডরিককে খুঁজে বের করবোই।”
তুরগুত তার কুড়াল নিয়ে দুজন যোদ্ধাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লো।
কিন্তু তুরগুত জানতো না, তার জন্য ফাঁদ পাতা আছে।
জঙ্গলের ভেতরে একটা সরু রাস্তা। রেডরিক সেখানেই লুকিয়ে ছিল। তার সাথে ছিল টেম্পলারদের আরো দশজন সৈন্য।
তুরগুত যখন সেই রাস্তায় এলো, তখন হঠাৎ পেছন থেকে জাল ফেলা হলো। তুরগুত জালে আটকে গেল। তার দুই সঙ্গীকে তীর মেরে ফেলে দেওয়া হলো।
রেডরিক হাসতে হাসতে সামনে এলো। “তুরগুত আল্প! তুমি তো অনেক বড় বীর। আজ দেখি, তোমার বীরত্ব কোথায় যায়।”
তুরগুত চিৎকার করে বললো, “রেডরিক! কাপুরুষ! সামনে থেকে লড়ো! পেছন থেকে জাল ফেলা কাপুরুষের কাজ!”
রেডরিক বললো, “যুদ্ধে জেতাই আসল কথা। সামনে থেকে হোক আর পেছন থেকে হোক। তোমাকে ধরে নিয়ে যাবো। তোমাকে দিয়েই আমি আরতুগ্রুলকে শেষ করবো।”
তুরগুতকে বেঁধে টেম্পলার দুর্গে নিয়ে যাওয়া হলো।
টেম্পলার দুর্গ। পাথরের উঁচু দেয়াল। ভেতরে অন্ধকার একটা ঘর। সেখানে তুরগুতকে বেঁধে রাখা হয়েছে।
সামনে বসে আছে কমান্ডার টাইটাস। তার পাশে রেডরিক।
টাইটাস তুরগুতের দুর্দশা দেখে হাসছে। হা হা করে হাসছে।
টাইটাস বললো, “এই হলো আরতুগ্রুলের ডান হাত? এই হলো সেই তুরগুত, যে কুড়াল দিয়ে সবাইকে মারে? এখন দেখো, সে কেমন করে বাঁধা কুকুরের মতো পড়ে আছে।”
রেডরিক বললো, “কমান্ডার, এই তুরগুতকে দিয়েই আমরা আরতুগ্রুলকে শায়েস্তা করবো। আরতুগ্রুল কখনো ভাবতেও পারবে না, তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুই তার বুকে তলোয়ার চালাবে।”
টাইটাস বললো, “ঠিক বলেছো রেডরিক। তুরগুতকে মারবো না। তাকে এমন ঔষধ খাওয়াবো, যাতে সে আমাদের দাস হয়ে যায়। সে আমাদের কথা শুনবে। সে ভুলে যাবে আরতুগ্রুল কে, ভুলে যাবে সোগুত কে।”
তুরগুত চিৎকার করে বললো, “আমাকে মেরে ফেলো, কিন্তু আমি কখনো আরতুগ্রুলের সাথে বিশ্বাসঘাতকতা করবো না! আমি কায়ীর যোদ্ধা!”
টাইটাস ইশারা করলো। দুজন সৈন্য এসে তুরগুতের মুখ চেপে ধরে একটা কালো ঔষধ খাইয়ে দিলো। ঔষধটা তিতা, মুখে দিতেই মাথা ঘুরতে লাগলো।
তুরগুতের চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো। তার মনে হতে লাগলো, সে সব ভুলে যাচ্ছে। আরতুগ্রুলের মুখটা ঝাপসা হয়ে যাচ্ছে। বামসির হাসি, দোগানের কথা — সব মুছে যাচ্ছে।
রেডরিক তার কানে ফিসফিস করে বললো, “তুরগুত, তোমার মালিক এখন আমরা। তোমার শত্রু আরতুগ্রুল। তুমি আরতুগ্রুলকে মারবে।”
তুরগুত ঘোরের মধ্যে বললো, “আরতুগ্রুল… শত্রু… মারবো…”
টাইটাস হেসে বললো, “হয়ে গেছে। এখন সে আমাদের দাস। তাকে বাইরে পাঠিয়ে দাও। সে আরতুগ্রুলকে মেরে ফেলবে।”
এদিকে সোগুতে আরতুগ্রুল অস্থির হয়ে আছে। তুরগুত গেছে অনেকক্ষণ হয়ে গেছে। ফিরছে না। তার দুই সঙ্গীর কোনো খবর নেই।
আরতুগ্রুল বললো, “বামসি, তুরগুত কোথায় গেল? আমার মনটা কেমন করছে।”
বামসি বললো, “আরতুগ্রুল, তুমি চিন্তা করো না। তুরগুত ফিরে আসবে। ও তো একা দশজনকে সামলাতে পারে।”
কিন্তু ঠিক তখনই দূর থেকে একটা ঘোড়ার শব্দ এলো। সবাই দেখলো, তুরগুত আসছে। কিন্তু তার চোখটা অন্যরকম। তার চোখে আগের সেই ভালোবাসা নেই। তার চোখে শুধু রাগ, শুধু ঘোর।
আরতুগ্রুল খুশি হয়ে এগিয়ে গেল, “তুরগুত! তুমি এসেছো! রেডরিকের খবর কী?”
তুরগুত কোনো উত্তর দিলো না। সে ঘোড়া থেকে নেমেই তার কুড়ালটা তুলে নিলো।
আরতুগ্রুল অবাক হয়ে বললো, “তুরগুত, কী হয়েছে? তুমি কথা বলছো না কেন?”
তুরগুত হঠাৎ চিৎকার করে বললো, “আরতুগ্রুল! তুমি আমার শত্রু! তোমাকে মারতে এসেছি!”
বলেই সে কুড়াল দিয়ে আরতুগ্রুলের দিকে আঘাত করলো।
আরতুগ্রুল কোনোমতে সরে গেল। সে বিশ্বাস করতে পারছে না। “তুরগুত! এটা তুমি কী করছো? আমি তোমার বে! তুমি আমার ভাই!”
কিন্তু তুরগুত শুনছে না। সে পাগলের মতো আঘাত করছে। তার চোখ লাল।
বামসি দৌড়ে এলো, “তুরগুত! পাগল হয়ে গেছো নাকি? আরতুগ্রুলকে মারছো কেন?”
তুরগুত বামসিকেও আঘাত করতে গেল।
দোগান আল্প বললো, “বে, তুরগুতের কিছু হয়েছে! ওকে টেম্পলাররা কিছু খাইয়েছে! ও এখন নিজের মধ্যে নেই!”
আরতুগ্রুল বললো, “তুরগুতকে মারবে না! কেউ ওকে মারবে না! ওকে বাঁচাতে হবে! ও আমাদের ভাই!”
তুরগুত আর আরতুগ্রুলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। আরতুগ্রুল শুধু আত্মরক্ষা করছে, আঘাত করছে না। কারণ সে জানে, এই তুরগুত আসল তুরগুত না।
কিন্তু তুরগুতের শক্তি অনেক বেশি। ঔষধের ঘোরে সে আরো ভয়ংকর হয়ে গেছে। সে একের পর এক আঘাত করছে।
অন্যদিকে পাহাড়ের উপর থেকে রেডরিক আর টাইটাস বসে এই দৃশ্য দেখছে আর হাসছে।
টাইটাস বললো, “দেখো রেডরিক, কেমন মজা হচ্ছে। ভাই ভাইকে মারছে। আরতুগ্রুল আজ শেষ।”
রেডরিক বললো, “কমান্ডার, একটু অপেক্ষা করুন। তুরগুত আরতুগ্রুলকে মাটিতে ফেললেই আমরা নেমে সবাইকে শেষ করে দেবো।”
এদিকে নিচে যুদ্ধ চলছে। তুরগুত তার বিশাল কুড়াল দিয়ে একটা জোরে আঘাত করলো। আরতুগ্রুলের তলোয়ার ছিটকে পড়ে গেল। তুরগুত দ্বিতীয় আঘাতে আরতুগ্রুলকে মাটিতে ফেলে দিলো।
আরতুগ্রুল মাটিতে পড়ে গেল। তার কাঁধ থেকে আবার রক্ত পড়ছে।
তুরগুত কুড়াল তুললো, শেষ আঘাত করার জন্য।
ঠিক তখনই বামসি, দোগান, আরগুত, আবদুর রহমান — সবাই একসাথে ঝাঁপিয়ে পড়লো। তারা তুরগুতকে চারদিক থেকে ধরে ফেললো। বামসি তার দুই হাত চেপে ধরলো। দোগান তার পা ধরে ফেললো।
বামসি চিৎকার করে বললো, “তুরগুত! থামো! তুমি আমাদের ভাই! তুমি আরতুগ্রুলকে মারতে পারো না!”
তুরগুত ছটফট করছে। “ছেড়ে দাও আমাকে! আমাকে আরতুগ্রুলকে মারতে হবে!”
আরগুত বললো, “বে, ওকে বেঁধে ফেলতে হবে। নইলে ও আবার আঘাত করবে।”
সবাই মিলে তুরগুতকে দড়ি দিয়ে বেঁধে তাঁবুর ভেতরে নিয়ে গেল।
আরতুগ্রুল মাটি থেকে উঠে বললো, “তুরগুতকে কিছু করো না। ওকে পানি দাও। ওর মাথায় পানি দাও। ওকে ঔষধের ঘোর থেকে বের করতে হবে।”
ঠিক এই সময়ে পাহাড় থেকে রেডরিক আর টাইটাস তাদের সৈন্য নিয়ে নেমে এলো।
টাইটাস চিৎকার করে বললো, “আরতুগ্রুল! তুমি এখন একা! তোমার তুরগুত এখন বন্দি! আজ তোমাকে শেষ করবো!”
আরতুগ্রুল তার তলোয়ারটা মাটি থেকে তুলে নিলো। তার কাঁধ থেকে রক্ত পড়ছে, কিন্তু তার চোখে আগুন।
সে বললো, “টাইটাস! তুমি আমার ভাইকে দিয়ে আমাকে মারতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে, আমি ভেঙে যাবো। কিন্তু তুমি ভুল করেছো। কায়ীর বীররা কখনো ভাঙে না।”
যুদ্ধ শুরু হয়ে গেল।
টাইটাস আর রেডরিকের সৈন্যরা সোগুতের যোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়লো। বামসি তার দুই তলোয়ার নিয়ে লড়ছে। দোগান আহত শরীর নিয়েও লড়ছে। আরগুত আর আবদুর রহমান মিলে সামনের দিকটা সামলাচ্ছে।
সঙ্গুরটেকিন আর গুন্দোগদু দুই ভাই একসাথে লড়ছে। গুন্দোগদু তার ভারী তলোয়ার দিয়ে এক আঘাতে দুজনকে ফেলে দিচ্ছে।
আর আরতুগ্রুল সরাসরি টাইটাসের মুখোমুখি হলো।
টাইটাস বললো, “আরতুগ্রুল, আজ তোমার শেষ দিন।”
আরতুগ্রুল বললো, “টাইটাস, তুমি আমার ভাইকে দাস বানিয়েছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে।”
দুজনের মধ্যে তুমুল লড়াই হলো। টাইটাস খুব শক্তিশালী। তার তলোয়ার ভারী। কিন্তু আরতুগ্রুলের মনে আছে তুরগুতের কষ্ট, সোগুতের মানুষের কষ্ট।
কিছুক্ষণ পর আরতুগ্রুল একটা সুযোগ পেলো। সে তার সব শক্তি দিয়ে এক আঘাত করলো। টাইটাসের বুকে তলোয়ার ঢুকে গেল।
টাইটাস মাটিতে পড়ে গেল। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। টেম্পলারদের কমান্ডার টাইটাস মারা গেল।
রেডরিক এটা দেখে ভয় পেয়ে গেল। সে বুঝলো, আর থাকলে সেও মরবে। সে ঘোড়ায় উঠে পালাতে লাগলো।
আরতুগ্রুল চিৎকার করে বললো, “রেডরিক! পালিয়ে যাবে কোথায়? আমার খাঁচায় তোমাকে বন্দী হতেই হবে রেডরিক!”
রেডরিক পেছনে না তাকিয়ে পালিয়ে গেল। তার সৈন্যরাও পালিয়ে গেল।
যুদ্ধ শেষ হলো। সোগুত আবার জিতলো। কিন্তু এই জয়টা কঠিন জয়।
আরতুগ্রুল দৌড়ে তাঁবুর ভেতরে গেল। তুরগুত এখনো বাঁধা অবস্থায় ছটফট করছে।
আরতুগ্রুল তুরগুতের মাথায় হাত রেখে বললো, “তুরগুত, আমি আরতুগ্রুল। তোমার ভাই। তুমি আমাকে চিনতে পারছো না?”
তুরগুতের চোখে পানি চলে এলো। ঔষধের ঘোরটা ধীরে ধীরে কাটছে। সে ফিসফিস করে বললো, “বে… আরতুগ্রুল… আমি… আমি তোমাকে মেরেছি? আমাকে ক্ষমা করে দাও বে… আমি জানি না কী হয়েছিল…”
আরতুগ্রুল তুরগুতকে বুকে জড়িয়ে ধরলো। “তুরগুত, তোমার কোনো দোষ নেই। তোমাকে ওরা ঔষধ খাইয়েছিল। তুমি আমার ভাই। ভাই কখনো ভাইকে মারে না। তুমি ঘুমাও। সব ঠিক হয়ে যাবে।”
বামসি পাশে দাঁড়িয়ে বললো, “তুরগুত, তুমি ঠিক হয়ে গেছো, এটাই বড় কথা। আজ তুমি আরতুগ্রুলকে মারোনি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। কারণ তুমি না এলে আমরা টাইটাসের ফাঁদটা বুঝতামই না।”
দোগান বললো, “তুরগুত ভাই, তুমি বিশ্রাম নাও।”
বাইরে সন্ধ্যা নামছে। সোগুতের মানুষ আবার শান্ত হচ্ছে। কিন্তু আরতুগ্রুল জানে, রেডরিক এখনো পালিয়ে আছে। সে আবার ফিরে আসবে।
আরতুগ্রুল আকাশের দিকে তাকিয়ে বললো, “হালিমা, আজকের দিনটা অনেক কঠিন ছিল। নোয়ানকে ছেড়ে দিলাম, তুরগুতকে হারাতে হারাতে ফিরে পেলাম, টাইটাসকে শেষ করলাম। কিন্তু রেডরিক এখনো বাইরে। কাল থেকে আবার নতুন লড়াই শুরু হবে।”
দূরে বামসির হাসি শোনা যাচ্ছে। তুরগুত ঘুমিয়ে পড়েছে। তার মুখে এখন শান্তি।
সোগুতের বাতাসে আজ আবার শান্তি।
[চলবে…]
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ১
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ২
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ৩
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৪
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ৫
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ৬
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৭
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৮
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৯
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১০
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১১
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১২
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৩
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৪
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৫
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৬
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৭
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৮
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.














