রক্তাক্ত সম্পর্কের ছায়ায় মোবাইল জুয়ার বিষ

প্রিয় সময়ে প্রকাশিত সংবাদ ‘চাঁদপুরে নাতির হাতে নানী খুন!’ শিরোনামের সংবাদ মাধ্যমে জানতে পারলে, চাঁদপুর শহরের পূরবী মার্কেট সংলগ্ন নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি ফ্ল্যাট থেকে বুধবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধা লুৎফর নাহারের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা কেবল একটি মর্মান্তিক হত্যাকাণ্ড নয়, বরং আমাদের পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের এক ভয়াবহ রূপ। অভিযোগ উঠেছে, মেয়ের ঘরের নাতি সিয়াম অনলাইন মোবাইল জুয়ার টাকার জন্য তাঁকে হত্যা করেছে এবং স্বর্ণালংকার লুট করেছে।

পুলিশের হাতে আটক হওয়ার পর স্বীকারোক্তি ও আলামত উদ্ধারের তথ্য সামনে এলে যে কারও হৃদয় কেঁপে ওঠাই স্বাভাবিক। যে নানি আদর-যত্নে আর মমতায় নাতিকে বড়ো করে তুলেছেন, সেই নাতির হাতেই তাঁর এমন করুণ মৃত্যু আমাদের বিবেককে গভীরভাবে নাড়া দেয়। একসময় জুয়া বলতে সীমিত পরিসরের আড্ডা বা আসরকে বোঝানো হতো। এখন সেই সর্বনাশা নেশা হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।

প্রকাশ্যে বা গোপনে সহজেই জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে বলে কিশোর ও তরুণদের একটি অংশ দ্রুত এই আসক্তিতে জড়িয়ে পড়ছে। প্রথমে কৌতূহল, তারপর সামান্য জয়ের লোভ এবং একপর্যায়ে হারতে হারতে টাকা জোগাড়ের মরিয়া চেষ্টা মানুষকে কতটা নিচে নামাতে পারে, চাঁদপুরের এই ঘটনা তার এক নির্মম উদাহরণ। টাকার নেশা যখন বিবেক ও মানবিকতাকে গ্রাস করে, তখন আপনজনও আর আপন থাকে না—তৈরি হয় ভয়াবহ সব কাণ্ডজ্ঞানহীন অপরাধ।

এই প্রেক্ষাপটে পরিবারের ভূমিকা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ব্যস্ততা ও প্রযুক্তিনির্ভরতার কারণে অনেক পরিবারে এখন আন্তরিক যোগাযোগ ও নজরদারির ঘাটতি দেখা যাচ্ছে। সন্তান কী করছে, কার সঙ্গে মিশছে কিংবা কোথা থেকে টাকা আসছে বা যাচ্ছে—এসব বিষয়ে উদাসীনতা বড়ো বিপদ ডেকে আনতে পারে। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ সদস্যদের নিরাপত্তা ও মানসিক যত্নের বিষয়টিও উপেক্ষিত হচ্ছে। যে বয়সে একজন নানি বা দাদি পরিবারের কাছে ভালোবাসা ও নিরাপত্তা প্রাপ্য, সেখানে নিজ ঘরেই যদি প্রাণনাশের শঙ্কা তৈরি হয়, তবে তা সমাজের জন্য চরম লজ্জার।

শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য বা অর্থনৈতিক অগ্রগতির কথা বললেই সমাজ এগোয় না; নৈতিকতা, সংযম ও মানবিক মূল্যবোধের চর্চা না থাকলে সেই অগ্রগতি টেকসই হয় না। তরুণদের কেবল প্রতিযোগিতা বা দ্রুত অর্থ উপার্জনের দৌড়ে না ঠেলে দিয়ে ধৈর্য, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেওয়া জরুরি। জুয়ার আসক্তি যে একটি মানসিক ও আচরণগত সংকটে রূপ নিতে পারে, তা বুঝে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।

একই সঙ্গে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম, এজেন্ট ও নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আসক্তদের পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করাও জরুরি। লুৎফর নাহারের অকাল ও মর্মান্তিক মৃত্যু আমাদের সতর্ক করুক—আজই সচেতন না হলে এমন ভয়াবহ সংকট আরও অনেক পরিবারকে গ্রাস করতে পারে। কাজে এখনই আমাদের সতর্কতা অবলম্বন জরুরী বৈকি!

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy