

জহিরুল ইসলাম জয় :
দীর্ঘ প্রায় ২৫ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে দর্জি কাজের কষ্টার্জিত ২০ লাখ টাকা খুইয়ে এখন দিশেহারা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে রহমত উল্ল্যাহ। স্থানীয় এক ভূমি সার্ভেয়ারের জাল দলিল ও প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন বলে অভিযোগ করেছেন এই ভুক্তভোগী প্রবাসী।
অভিযুক্ত ওই ব্যক্তির একই উপজেলার নারায়নপুর পৌরসভার খিদিরপুর গ্রামের মৃত এলাহী বকস মিয়াজীর ছেলে ইসমাইল হোসেন মানিক। সে পেশায় একজন লোকাল সার্ভেয়ার। স্থানীয়দের অভিযোগ, ভুয়া জমির মালিক সাজিয়ে জাল দলিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন এমন ব্যক্তিদের টার্গেট করে জমি রেজিঃ করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া যেন তার নেশা।

ভুক্তভোগী রহমত উল্ল্যাহ চাঁদপুর আমলী আদালতে সিআর ৫৬৫/২৫ মামলা দায়ের করলে সে মামলায় গত ২৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারক ইসমাইল হোসেন মানিককে সি ডব্লিউ মূলে কারাগারে প্রেরন করে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী রহমত উল্ল্যাহ গত দুই যুগের বেশি সময় ধরে সৌদি আরবে স্বল্প আয়ে দর্জি কাজ করে পরিবারের খরচ মিটিয়ে ধাপে ধাপে ২০ লাখ টাকা জমিয়েছিলেন। দেশে ফেরার আগে বা জমি কেনার বিষয়ে তার ইমু নম্বরে যোগাযোগ করেন অভিযুক্ত সার্ভেয়ার ইসমাইল হোসেন মানিক। তিনি নারায়নপুর বাজারে ভালো মানের একটি জমি বিক্রির প্রস্তাব দেন এবং লেনদেনে কোনো ধরনের অনিয়ম বা ‘দুই নাম্বারি’ হলে ডাবল জরিমানা দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ভয়েস রেকর্ড পাঠান।
মানিকের কথায় বিশ্বাস স্থাপন করে রহমত উল্ল্যাহ দেশে থাকা তার চাচাতো ভাই জাকির হোসেনকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, সার্ভেয়ার মানিক ‘মেহেদী হাসান’ নামে এক ব্যক্তিকে ভুয়া মালিক সাজিয়ে নারায়নপুর বাজারে দোকানঘরের এক শতাংশ জমি বাবদ ভুয়া কাগজপত্র ও দলিল তৈরি করে ২০ লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট খতিয়ান ও দাগে মেহেদী হাসান নামে কোনো প্রকৃত মালিক নেই এবং ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রহমত উল্ল্যাহ দেশে ফিরে আসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইসমাইল হোসেন মানিককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ভুক্তভোগীর দাবি, ওই সময় মানিক নিজের ভুল ও প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৪ অক্টোবর সবার উপস্থিতিতে ও তিনজন সাক্ষীর সামনে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে ২০ লাখ টাকার মধ্যে নগদ ১ লাখ টাকা ফেরত দেন মানিক এবং বাকি টাকা পরিশোধের জন্য সময় নেন।
তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ে বাকি টাকা ফেরত না দিয়ে উল্টো প্রবাস ফেরত রহমত উল্ল্যাহর বিরুদ্ধে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্ট্যাম্প উদ্ধারের মামলা দায়ের করেছেন সার্ভেয়ার মানিক। এতে করে চরম অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী রহমত উল্ল্যাহ।
এ বিষয়ে স্থানীয় এক সালিসদার আবু বক্কর বলেন, সবার উপস্থিতিতে বিষয়টি নিয়ে সালিস হয়েছিল। তখন অভিযুক্ত ব্যক্তি ভুল স্বীকার করে স্ট্যাম্পে লিখে নগদ ১ লাখ টাকা দিয়ে বাকি টাকা দেওয়ার সময় নিয়েছিলেন। কিন্তু পরে টাকা না দিয়ে উল্টো মামলা করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
ভুক্তভোগী প্রবাসী রহমত উল্ল্যাহ বলেন, ”সৌদি আরবে হাড়ভাঙা পরিশ্রম করে দর্জি কাজের জমানো ২০ লাখ টাকা এক নিমিষেই শেষ হয়ে গেল। ডাবল জরিমানা দেওয়ার কথা বলে আমাকে ফাঁদে ফেলে টাকা নিয়েছে। এখন নিজের টাকা চাইতে গিয়ে উল্টো মামলার হয়রানির শিকার হচ্ছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
অভিযুক্ত সার্ভেয়ার ইসমাইল হোসেন মানিকের বক্তব্য জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা প্রতারণা ও জাল দলিলের অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি আইনগতভাবে আদালতে বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে তিনি আদালতেই জবাব দেবেন।
বর্তমানে প্রবাসীর দায়েরকৃত মামলায় প্রতারক ইসমাইল হোসেন মানিক চাঁদপুর জেল খানায় রয়েছে বলে জানাযায়।
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ খ্রি.














