চাঁদপুরে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি, ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক :
চাঁদপুরের হাজীগঞ্জে এক ক্ষুদ্র বই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে, রাতভর আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ঘটনায় জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলার আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেদওয়ানুল ইসলাম তানজিব (২৯) বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের রেদওয়ানুল ইসলাম তানজিব ঢাকার বাংলাবাজার থেকে বই সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন লাইব্রেরিতে পাইকারি দরে বিক্রি করেন। পাশাপাশি তিনি বাকিলা বাজারের ‘ইনসাফ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমিতির ব্যাংক হিসাব রূপালী ব্যাংক লিমিটেডের হাজীগঞ্জ শাখায় পরিচালিত হয়।

এজাহারে বাদী অভিযোগ করেন, তার ব্যবসায়িক ও আর্থিক উন্নতি দেখে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মামলায় উল্লেখ করা হয়, গত ১১ সেপ্টেম্বর হাজীগঞ্জ উপজেলার অলিপুর আব্দুর রশিদ মুন্সির বাড়ির সামনে রেদওয়ানুল ইসলাম তানজিবকে অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রাখা হয়। এ সময় তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী। (সূত্র : খবরের কাগজ)

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy