নবাবগঞ্জে নিখোঁজ হওয়া দুই এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার : আটক ৩

মাকসুমুল মুকিম :

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এনজিও’র নিখোঁজ কর্মকর্তা রাজিবুল ইসলাম (২৯) ও অভিজিৎ মালো (২৮)’র গুম করা দুই জনের লাশ ঢাকা জেলা পুলিশ ও ঢাকা উত্তর ডিবি পুলিশের বিশেষ দল উদ্ধার করেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর এলাকার ইউসূফ আলীর মুরগীর ফার্ম সংলগ্ন ইছামতি নদীর পাড়ের ৬ ফুট মাটির নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম ফরিদপুর জেলার গৌরীপুর এলাকার গোলাম সারোয়ারের ছেলে এবং অভিজিৎ মালো একই জেলার নগরকান্দা উপজেলার আজিজা গ্রামের রণজিৎ মালোর ছেলে।

তারা উভয়ে এনজিও সংস্থা এসডিসি’র চুড়াইন তালতলা শাখার মাঠ কর্মকর্তা ছিল। এনজিও কর্মকর্তাদের খুন করে লাশ গুম করার অভিযোগে জনি (২৫), ইউসূফ আলী (৩২) ও মনির হোসেন (৩০) নামে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত জনি উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুকলেছুর রহমানের ছেলে, ইউসূফ আলী একই এলাকার আনিসের ছেলে এবং মনির হোসেন একই এলাকার আইয়ূব আলীর ছেলে।

এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. হুমায়ূন কবির জানান, গত বছর ৫ ডিসেম্বর থেকে এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ১৬ মার্চ একই এলাকার স্থলাভিষিক্ত এনজিও কর্মকর্তা অভিজিৎ মালো নামে আরেকজন কর্মকর্তা নিখোঁজ হন। থানায় মামলা হলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তিমূলক তথ্য অনুযায়ী নিখোঁজ হওয়া দু’জন এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

You might like