ফরিদপুরে উপজেলা পরিষদ ও থানা ঘেরাও : ভূমি অফিসে আগুন

 

ফরিদপুর প্রতিনিধি

গতকাল সন্ধ্যা প্রায় ৭.৩০ মিনিটের সময় ফরিদপুরের সালথা উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) মারুফা সুলতানা খান হিরামনি এর সঙ্গে থাকা এক সরকারি কর্মচারীর লাঠিপেটায় এক ব্যাক্তির গুরুতর আহত হওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করে এবং ভূমি অফিস আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।সোমবার রাত ১০ টার সময় উত্তেজিত জনতা এই ঘটনার দায়ীদের শাস্তি দাবিতে এই ঘটনা ঘটায়।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে চা খেয়ে ওই ইউনিয়নের নটাখোলা গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে মো. জাকির হোসেন মোল্যা বাড়ি ফিরছিলেন। এ সময় সেখানে লকডাউনের কার্যকারিতা পরিদর্শনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণি উপস্থিত হন।কিছু বুঝে ওঠার আগেই সহকারী কমিশনারের গাড়ি থেকে নেমে এক ব্যক্তি তার কোমরে সজোরে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তার কোমর ভেঙে যায়। আহত জাকির হোসেনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জাকির হোসেনকে আহত হওয়ার খবরে পেয়ে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে সেখানে আরও গ্রামবাসী জড়ো হয়।উত্তেজিত জনতাকে শান্ত থাকার জন্য সেখানে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা করে। এতে মিজানুর রহমান সহ আরো ৩ পুলিশ আহত হয়।

এরপর বিক্ষুব্ধ জনতা সালথা থানা অভিমুখে রওনা হয়ে উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নাই।

You might like