

ফরিদপুরের সালথায় লকডাউন না মানাকে কেন্দ্র করে সহিংসতার পর জোরদার পুলিশি অভিযানের কারণে উপজেলার আশপাশের কয়েকটি ইউনিয়নের গ্রামগুলো পুরুষ শুন্য হয়ে পড়েছে। শুক্রবার সকালে ওই সব এলাকার বাড়ি-ঘরগুলোতে নারী আর শিশু ছাড়া কোনো সদস্য দেখতে পাওয়া যায়নি। গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শুন্য হয়ে পড়েছে বিভিন্ন গ্রাম। বিশেষ করে উপজেলা সদর অবস্থিত রামকান্তপুর ইউনিয়ন, সোনাপুর ইউনিয়ন, গট্রি ও ভাওয়াল ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম পুরুষশুন্য হয়ে পড়েছে।
সূত্র জানায়, সালথা উপজেলায় ১৬৫টি কওমী মাদরাসা রয়েছে। হেফাজতে ইসলামের জেলা শাখার আমীর ও সেক্রেটারির বাড়ি এই সালথাতে। ওই রাতে হেফাজতে ইসলামের আমীর ও বাহিরদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আকরাম আলীকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়া হয়েছে। এখন এসব এলাকার আলেম ও মাদরাসা ছাত্রদের মাঝেও উদ্বেগ কাজ করছে।

স্থানীয়রা জানান, অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, বাহিরদিয়া মাদরাসার প্রবীণ শিক্ষক শতবর্ষী মাওলানা সুলাইমান নদভীও এখন বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।
রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মো. ইউনুস শেখের স্ত্রী মালেকা বেগম (৫২) বলেন, আমার স্বামী গ্রামে ক্ষেতে কাজ করেন। তিনিও বাড়িতে থাকার সাহস পান না। যুবক ছেলেকে আগেই বাইরে আত্মীয় বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।
সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের এক কলেজছাত্র বলেন, ঘটনার পর তিনি ফরিদপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকছেন। ঘটনার সাথে জড়িত না হলেও অভিভাবকেরা তাকে গ্রামে রাখার নিশ্চয়তা পাচ্ছেন না।
ফুকরা বাজার এলাকার করিমন বেগম জানান, সব সময় ভয়ে রয়েছি। পুলিশ দেখতে দেখতে সারাদিন কেটে যাচ্ছে। বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। সবাই পালিয়ে রয়েছে বলে জানান তিনি।
নূরজাহান নামে একজন জানান, ওই দিন অন্য এলাকা থেকে লোকজন এসে হামলা করছে। আমাদের গ্রামের কোনো লোক ছিল না। তিনি বলেন, শুনেছি ফুকরা বাজারে এসিল্যান্ডের সাথে থাকা সদস্যদের সাথে বাজারের লোকজনের গন্ডগোলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
ঘট্রি এলাকার মনির নামে একজন জানান, বালিয়া গট্রি এলাকা ও উপজেলা কেন্দ্রীক এলাকার বাড়িগুলোতে কোনো পুরুষ সদস্য নেই। ঘটনার পর থেকে ওই সব এলাকার লোকজন পলাতক অবস্থায় রয়েছে বলেও তিনি জানান। তবে তিনি আশা করেন কোনো নিরীহ লোক যেন হয়রানির শিকার না হন।
গত ৫ এপ্রিলের ঘটনার পর থেকে এ পর্যন্ত মামলা হয়েছে ৫টি। এই সব মামলায় আসামি করা হয়েছে ২৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬ হাজার ৮০০ জনকে। শুক্রবার বিকেল পর্যন্ত আটক করা হয়েছে মোট ৫১ জনকে। এ মামলায় রিমান্ডে রয়েছে ২৬ জন।
নতুন যে চারটি মামলা হয়েছে তার একটি করেছেন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর। এ মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে।
আরেকটি মামলা করেছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মাদ হাসিব সরকারের গাড়িচালক মো. হাশমত আলী। এই মামলায় ৫৮ জনের নাম উল্লেখ এবং ৩ থেকে ৪ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অপর মামলাটি করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিরাপত্তারক্ষী সমীর বিশ্বাস। এ মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৩ থেকে ৪ হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আরেকটি মামলাটি করেছেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক মো. সাগর সিকদার। এ মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে তিন থেকে চার হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর আগে বুধবার সালথা থানার এসআই (উপ পরিদর্শক) মিজানুর রহমান বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে এবং প্রায় চার হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখিয়ে থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রথম মামলাটি করেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, এ ঘটনার পর উপজেলার বিভিন্ন স্থানে মামলার আসামিদের ধরতে পুলিশ দিনরাত জোরদার অভিযান চালানো হচ্ছে। কারা কারা এর পিছনে কাজ করেছে সেসব আমরা শনাক্ত করতে পেরেছি। এজাহারে সেসব উল্লেখ রয়েছে। আরো বিস্তারিত জানতে তদন্ত চলছে।
তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। এই ঘটনায় যেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় গুলিবৃদ্ধ দুই জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, লকডাউন না মানাকে কেন্দ্র করে সোমবার বিকেলে সালথার ফুকরা বাজারে উত্তেজনা সৃষ্টি হয় এসিল্যান্ডের সাথে থাকা সদস্যদের সাথে স্থানীয়দের। এরপরই বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সালথা উপজেলা পরিষদ, এসিল্যান্ড অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়।







