

মো. সোহেল কিরণ, নিজস্ব প্রতিনিধি
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৯ এপ্রিল) ফায়ার সার্ভিসের সদর দপ্তরে কেক কেটে এই দিবসের শুভ সূচনা করেন অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন। এ সময় অধিদপ্তরের ৩ জন পরিচালক এবং অন্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

একই দিন সারা দেশের ফায়ার সার্ভিসের জেলা অফিসসমূহেও একইভাবে সীমিত আকারে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ফায়ার সার্ভিসের নিজস্ব মসজিদগুলোতে বাদ জুমা ফায়ার সার্ভিসসহ সারা দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সদর দপ্তর মসজিদে দোয়ায় অংশ নেন অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকগণ। পরে দেশের সকল ফায়ার স্টেশনে একই মেন্যুতে দুপুরের খাবার পরিবেশ করা হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৯ এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটের সমন্বয়ে পুনর্গঠিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পথচলার ৪০ বছর অতিক্রান্ত হলেও এবারই প্রথম এই দিবস পালনের উদ্যোগ নেয়া হয়।







