ফরিদপুরের বোয়ালমারীতে জুয়া খেলার সময় ৪ জুয়ারি আটক

ফরিদপুরের বোয়ালমারীতে জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৮ জুয়ারি পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার (২৫ এপ্রিল) বোয়ালমারী থানায় মামলা হয়েছে এবং আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল দিবাগত রাত সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন ও কাজী রিপন হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে সত্য সাহার কলাবাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ জুয়ারি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের সাহেব আলী (৩৫), মাহবুব মোল্যা (৩৫), সাতৈর ইউনিয়নের সাতৈর থেকে জাফর শেখ (৪৬) ও মাসুদ শেখকে (২৬) আটক করে। পুলিশ জুয়া খেলায় ব্যবহৃত তিন প্যাকেট তাস ও ৩৭৯০ টাকা জব্দ করে।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে রবিবার (২৫ এপ্রিল) দুপুরে বোয়ালমারী থানায় মামলা করেছেন। আটক ৪ আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটক ৪ জনকে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

You might like