কুমিল্লা সিটি নির্বাচন : প্রচারণায় সরগরম নগরী, হামলার পাল্টাপাল্টি অভিযোগ

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনের শেষ মুহুর্তে ব্যস্ত সময়ের মধ্যদিয়ে অতিক্রম করছেন প্রার্থীরা। প্রচার প্রচারনার পাশাপাশি চলছে পাল্টপাল্টি অভিযোগও। হামলা-ভাংচুর ও মারধরের অভিযোগ এনে পৃথক সংবাদ সম্মেলনও করেছেন প্রার্থী ও সমর্থকরা।

উপনির্বাচনে প্রার্থী মনিরুল হক সাক্কু সোমবার রাতে তার বাসায় এক সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি অভিযোগ তুলেন কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় সোমবার সন্ধ্যায় সাক্কুর উঠান বৈঠকের পাশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় বোরকা পরে হামলা চেষ্টারও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সাক্কুর মালিকানাধীন হোটেল রেডরুফ-ইন-এ হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলেও তিনি জানান। হামলায় হোটেলের সুপারভাইজারসহ চারজন আহত হয়েছেন।

এ ঘটনার জন্য বাস প্রতীকের মেয়র প্রার্থী তাহসীন বাহারের অনুসারীদের দায়ী করে সোমবার রাত নয়টায় মনিরুল হক সাক্কু তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, সোমবার বাদ আসর কুমিল্লা নগরীর ৯ নম্বর ওয়ার্ড বাগিচাগাঁও এলাকায় টেবিলঘড়ি প্রতীকের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরুর আগে মানুষেরা যখন এখানে জড়ো হন, তখনই পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ছাড়া একজন যুবক বোরকা পরে বৈঠকে হামলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

তিনি অভিযোগ করে বলেন, বাগিচাগাঁওয়ে উঠান বৈঠকে হামলার কিছুক্ষণ পর নগরীর রেসকোর্স এলাকায় অবস্থিত তার মালিকানাধীন হোটেল রেডরুফ-ইন-এ হামলা চালানো হয়। এ সময় হোটেলে ভাঙচুরসহ হোটেলটির সুপারভাইজার কবির হোসেন, স্টাফ ফারুক, রুহুল আমিন ও নাসিরকে আহত করা হয়। সরকার-দলীয় সমর্থক বাস প্রতীকের প্রার্থীর তাহসিন বাহার সূচনার লোকজন এ হামলা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে মঙ্গলবার সকালে কুমিল্লা প্রেসক্লাবে পাল্টা এক সংবাদ সম্মেলন করেন বাস প্রতীকের প্রার্থীর সমর্থক ও আওয়ামীলীগ নেতা সরকার মাহমুদ জাবেদ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, টেবিল ঘড়ি প্রতীকের সমর্থকদের হামলায় বাস প্রতীকের তিন কর্মী আহত হয়েছেন।

এদিকে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার ও রানীরবাজার এলাকা থেকে গণসংযোগ করেন হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম।

কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের ৪৮ ঘন্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।

You might like