মসজিদে নববী-হারামেও নামাজ বন্ধ

 

সৌদি আরবের মসজিদ আল-হারাম ও মসজিদে নববীতেও নামাজ আদায় বন্ধ করা হয়েছে। এর আগে দেশটির অন্যান্য মসজিদগুলো বন্ধের ঘোষণা আসলেও খোলা রাখা হয়েছিল এ মসজিদ দুটি। কিন্তু শুক্রবার সকালে মসজিদ দুটির সাধারণ সভাপতির মুখপাত্রের বিবৃতিতে এগুলো বন্ধ করে দেয়া হয়।

ওই বিবৃতির বরাতে তুরস্কের সংবাদসংস্থা আনাদালুতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার থেকে কেউ এই দুই মসজিদে নামাজ আদায় করতে পারবেন না। এর আগে এ দুই মসজিদ বাদে দেশটির সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল সৌদি সরকার। তবে করোনার কারণে বিশ্বে যে মহামারি পরিস্থিতি দেখা দিয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে এবং করোনার বিস্তার ঠেকাতে এবার এই দুটি মসজিদও সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

gif maker

বিবৃতিতে জানানো হয়, সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার থেকে মক্কা এবং মদিনার দুই প্রধান মসজিদে লোকজনের অবস্থান এবং নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা, স্বাস্থ্য ও স্থানীয় কর্তৃপক্ষ।

এ দুই মসজিদে আসা মুসল্লিদের মধ্যে যেন করোনার বিস্তার ছড়িয়ে পড়তে না পারে সে জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ২৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সৌদিতে এ ভাইরাসে কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।

You might like