মৌলভীবাজারের ব্যবসায়ী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

এইচ এম রফিকুল ইসলাম :
মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ী আব্দুল আহাদের (৩২) হত্যাকারী ও এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে হাজীগঞ্জ বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বণিক সমিতি।

স্থানীয় ব্যবসায়ী ও আহাদের এলাকাবাসীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মঙ্গলবার (২৮ জুলাই) মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের বড় মসজিদ এলাকায় দুপুরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অফিসবাজার বণিক সমিতির উদ্যোগে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সমাজকর্মী নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন, কোয়াবের বড়লেখা শাখার সভাপতি ছালেহ আহমদ জুয়েল, অফিসার বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত শিক্ষক মঈন উদ্দিন, নিহতের বড় ভাই হাফিজ বেলাল আহমদ, সমাজসেবক ফয়েজ আহমদ প্রমুখ।

এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক বলেন, ‘ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে। এখন ময়নাতদন্ত প্রতিবেদন এলে পরবর্তী কার্যক্রম শুরু হবে। মামলাটি তদন্তের একপর্যায়ে জানা গেছে দীর্ঘদিন আগে জমি বেচা কেনার ঘটনাকে কেন্দ্র করে নিহত ব্যক্তির সাথে আসামির স্থানীয়ভাবে বিচার সালিশ হয়েছে।

উল্লেখ্য, ২৩ জুলাই বড়লেখায় জমি ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুল আহাদ চিকিৎসাধীন অবস্থায় ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের হরিনগর গ্রামের শফিক উদ্দিনের ছেলে।

 

You might like