

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
ফরিদগঞ্জে আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী (৪২) কে আটক করেছে থানা পুলিশ । শুক্রবার সকাল সোয়া ৭ টায় থানা পুলিশ একটি মাছের ঘেরের বাঁধ কাটার সংবাদে ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ মেয়র প্রার্থী বাঁধনকে আটক করার কথা নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন।

এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে পুলিশের এস আই নাছিরউদ্দিনসহ এক পুলিশ সদস্য আহত হওয়া ও ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু ও বোমা সদৃশ কিছু পদার্থ উদ্ধার করর সত্যতা স্বীকার করেন ওসি।
প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহাবুবুল বাশার কালু পাটওয়ারীর ছেলে মেয়র প্রার্থী বাঁধন পাটওয়ারী জানান, আমার মাছের ঘেরের বাঁধ কেটে উল্টো পুলিশকে খবর দিয়ে আমাকে আটক করা হয়েছে। আমাকে পুলিশ জামার কলার চেপে ধরলে আমি বললাম আমি ওসিকে ফোন দিচ্ছি, কলার ছেড়ে দেন। এ সময় ফোন বাহির করতেই ফোনটি পুলিশ নিয়ে যায় এবং আমাকে লাঞ্ছিত করে ধরে নিয়ে আসে। আমাকে ঘুষি দিলে আমার বাম চোখে প্রচন্ড আঘাত পাই এবং পুলিশের হাতের অংশ বিশেষ কেটে যায়।
তিনি আরো জানান, আমার নিকট কোনও অস্ত্র পায়নি। আমার প্রতীপক্ষ বাবুল পাটওয়ারীর লোকজন পুলিশকে অস্ত্র সরবরাহ করেছে।
প্রতিপক্ষ বাবুল পাটওয়ারীর মাছের ঘেরের কেয়ারটেকার মো. শাহাবুদ্দিন জানান, বাঁধন আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তাছাড়া সে বাঁধ কেটে আমাদের ঘেরের মাছসহ পানি তার ঘেরে নিয়ে গিয়েছে।
এ ঘটনায় বাবুল পাটওয়ারীর ভাই ছালাউদ্দিন বাদী হয়ে বাঁধন পাটওয়ারীকে আসামী করে থানায় একটি মামলা রুজু করেছে।
অফিসার ইনচার্জ মো. সহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ বাঁধনকে আটক করেছে। আটক করতে গিয়ে দু‘পুলিশ আহত হয়েছে। পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।








