চাঁদপুরে বিএনপির চেয়ারম্যান-মেম্বার পদপ্রত্যাশীদের ডোপ টেস্ট : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের মাদক পরীক্ষা

সজীব খান :
চাঁদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ব্যক্তিদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) কার্যক্রম পরিচালিত হয়েছে।

জানা যায়, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীদের ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) চাঁদপুর সদর হাসপাতালে প্রার্থীরা নির্ধারিত ফি বাবদ ৯০০ টাকা হাসপাতালের নির্ধারিত রসিদের মাধ্যমে জমা দিয়ে ডোপ টেস্টে অংশ নেন।

সংশ্লিষ্টদের মতে, মাদকাসক্ত কোনো ব্যক্তি যাতে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ না পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সামাজিক দায়িত্ববোধ ও গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় রাখার অংশ হিসেবে এ ধরনের পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

চাঁদপুরে ইউপি নির্বাচনকে ঘিরে বিএনপির চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীদের ডোপ টেস্টের এ উদ্যোগ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

প্রকাশিত: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy