

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে ২০২৬-২০২৭ অর্থ বছরের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরআরএমইপি) প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে ১০ জন নারী-পুরুষ কর্মী নির্বাচন করা হয়েছে।

একই সঙ্গে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের তালিকা প্রকাশ ও উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত অনুষ্ঠানের মাধ্যমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এ লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইউএনও নুসরাত জাহান বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন শ্রমিক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কর্মীরা গ্রামীণ অবকাঠামো ও সড়ক রক্ষণাবেক্ষণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করছি।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, গ্রামীণ সড়কগুলো নিয়মিত সংস্কার ও সচল রাখার পাশাপাশি অসচ্ছল পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্পের আওতায় কর্মী নির্বাচন করা হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়া নিবিড় তদারকির মাধ্যমে লটারিতে সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্বাচিত কর্মীদের মাধ্যমে গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রকাশিত: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ খ্রি.














