

স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে টেলু শেখ (৫৫) নামের এক অসহায় কৃষকের জমি ভরাটে বাধা প্রদান করেছে দুর্বৃত্তরা। ২৮ ডিসেম্বর সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ উত্তর বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ২৮ ডিসেম্বর সোমবার রাতে অসহায় কৃষক বাদী হয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী টেলু শেখ জানান বছর খানেক পূর্বে তিনি ৮ লাখ ৯৮ হাজার টাকা দিয়ে সোয়া ১১ শতাংশ জমি, আতিকুর রহমান কবিরের কাছ থেকে ক্রয় করেন।
এর ৩ বছর পূর্ব থেকে তিনি ওই জমিটি রক্ষনাবেক্ষন করে বিভিন্ন ফসলের চাষাবাদ করে আসছেন। জমি ক্রয় করার পর থেকে গত এক বছর যাবত তিনি বিভিন্ন ফসল চাষ করে ভোগ দখলে রয়েছেন। ঘটনার দিন সকালে তিনি তার সেই ক্রয় কৃত জমিতে বাড়ি নির্মাণ করার লক্ষে মাটি কেটে জমির চারপাশে আট তৈরি করতে গেলে, একই এলাকার ওয়াদ বকস খানের পুত্র বিল্লাল খান এবং বিল্লাল খানের ছেলে নাঈম খান ও ফাহিম খান সহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন মিলে তাদের সেই মাটি কাটাতে বাঁধা প্রদান করেন।
ভুক্তভোগীর অভিযোগ ওই সময় তারা তাদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলেন, সেই জমি ভোগ করতে হলে আগে তাদেরকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করেন। এই বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি একই কথা জানালেন।
এমন ঘটনার পর ভুক্তভোগী টেলু শেখ নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
চাঁদপুর মডেল থানার এস আই রফিকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এমনই অভিযোগ এনে ভুক্তভোগী টেলু শেখ থানায় একটি অভিযোগ করেছেন। তবে আমি এখনো তদন্তে যাইনি। তদন্ত শেষে ঘটনা জানা যাবে।
এ বিষয়ে অভিযুক্ত বিল্লাল খান ও তার ছেলেদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি।











