
মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী এবিএম জিলানীর পোস্টার ও নির্বাচনী প্রচারণার মাইক ভাংচুর এবং কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) রায়পুর পৌরসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রচারকারী শাকিল নামের এক যুবকের উপর হামলা ও মোবাইলফোন এবং পকেটে থাকা নগদ টাকা নিয়ে যায় মুখোশধারী হামলাকারীরা।
হামলাকারীরা প্রচারণা না করার জন্য কঠোরভাবে হুমকি দিয়েছে।

এ বিষয়ে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
তিনি আরো বলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ড মধুপুর এলাকায় বিএনপির প্রচারণার মাইক ভেঙে ফেলে এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর পোস্টার চিড়ে ফেলেছে। পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম মধুপুর এলাকায় মাইক্রোবাসসহ অর্ধশতাধিক মোটরসাইকেলযোগে মুখোশধারী সন্ত্রাসীবাহিনী বিএনপির সমর্থক কালুর দোকানে গিয়ে কালুকে না পেয়ে তার ছেলে আবদুল মান্নানকে বেদম মারধর করে আহত করে। পরে একই এলাকায় বিএনপির আরেক সমর্থক বিল্লালকেও মারধর করে গুরুতর আহত করে।
ধানের শীষের মেয়র প্রার্থী এবিএম জিলানী বলেন, নৌকার প্রার্থীর লোকজন পৌরসভার ৯টি ওয়ার্ডে আমাদের পোস্টার ও ৫নং ওয়ার্ডে প্রচারণার মাইক ভেঙে ফেলেছে। একই এলাকায় আমাদের কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায় নৌকা প্রার্থীর লোকেরা। সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালাতে আমরা নির্বাচন কমিশন ও থানা পুলিশের কাছে অভিযোগ করেছি।
অভিযোগ অস্বীকার করে আ.লীগের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। কোনভাবেই কারো ক্ষতি করছি না, বিএনপির লোকজন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তারা নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। হামলা ও ভাংচুর আমাদের কোন কর্মীরা করেনি। তারা আমার বিরুদ্ধে অপঃপ্রচার চালাচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এমন কোন ঘটনার কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রায়পুর পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক ও ধানের শীষ প্রতীকসহ ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার প্রার্থীর রুবেল ভাট কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য। ধানের শীষের এবিএম জিলানী রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের মেয়র।







