হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

হাজীগঞ্জ প্রতিনিধি :
হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে হাজীগঞ্জ বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে অহেতুক হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেছেন, ভুক্তভোগি রেজাউল করিম মিন্টু। তিনি উপজেলার সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের বাসিন্দা।

রেজাউল করিম মিন্টুর ক্রয়কৃত ভূমির পাশে অবস্থিত অপর ভূমির মালিক খায়রুল কবির মানিক আদালতে ও সংবাদকর্মীদের কাছে মিথ্যা অভিযোগসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছেন বলে তিনি দাবী করেন। অথচ দুইজনের ভূমির সিএস, বিএস ও দাগ নং সম্পূর্ণ আলাদা এবং তারা স্ব-স্ব অবস্থানে থেকে ভোগ-দখলে রয়েছেন। খায়রুল কবির মানিক একই ইউনিয়নের সুহিলপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সিএস/এসএ ১৩৪, বিএস ৬৩নং এবং সিএস ১৯৯, এসএ ১৮৬, বিএস চুড়ান্ত ৭৬৯নং খতিয়ানভুক্ত কাজিরগাঁও মৌজার ১০৫৭/১০৫৬ দাগের বিএস ১০১৯ দাগে ২২ শতাংশের অন্দরে ২.১০ শতাংশ ভূমির ক্রয় সূত্রে মালিক রেজাউল করিম মিন্টু। উল্লেখিত ভূমি হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁও চৌরাস্তা সংলগ্ন এলাকায়।

একই মৌজার সিএস ১৯৯, এসএ ১৮৬, বিএস/ডিপি ৩১০ ও ৩২১নং খতিয়ানভুক্ত ১০৫৫ হাল ১০২৬ দাগে ৩৭ শতাংশ ভূমির মালিক খায়রুল কবির মানিক। গত বছরের (২০২০ইং) সালে ২৫ আগষ্ট রেজাউল করিম মিন্টু ২.১০ শতাংশ নাল ভূমি ক্রয় করে বালু দিয়ে ভরাট এবং ভরাটকৃত সম্পত্তিতে আধা-পাকা দোকানঘর নির্মাণ করে ভাড়া দেন।

খায়রুল কবির মানিকের ভূমির উত্তর পাশে রেজাউল করিম মিন্টুর ভূমির অবস্থান। যার খারিজ খতিয়ান করা আছে। খায়রুল কবির মানিক ও রেজাউল করিম মিন্টুর সিএস, বিএস ও দাগ নং পৃথক এবং তারা নিজ নিজ ভূমি ভোগ-দখলে রয়েছেন।

রেজাউল করিম মিন্টু জানান, সম্পত্তি ক্রয় করার পর আমি ও খায়রুল কবির মানিক স্থানীয় শালিসদারদের উপস্থিতিতে আমিন (সার্ভেয়ার) দিয়ে নিজ নিজ ভূমির সীমানা নির্ধারণ করি। এরপর আমি আমার ক্রয়কৃত সম্পত্তি বালু দিয়ে ভরাট করে আধা-পাকা দোকানঘর নির্মাণ করে ভাড়া দেই।

তিনি বলেন, জানিনা কি কারনে কয়েকমাস পূর্বে উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ এনে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন খায়রুল কবির মানিক। এরপর থেকে তিনি বিভিন্নভাবে আমাকে হয়রানি করতে থাকেন। সম্প্রতি তিনি সংবাদকর্মীদের কাছেও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।

এর প্রতিকার চেয়ে রেজাউল করিম মিন্টু বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবো। কিন্তু ইতিমধ্যে খায়রুল কবির মানিক আইনি মাধ্যম ছাড়া আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাই আমি আপনাদের (সংবাদকর্মী) মাধ্যমে এর প্রতিকার চাই এবং এর সুষ্ঠ সমাধান কামনা করে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

এ দিকে অভিযোগ অস্বীকার করে খায়রুল কবির মানিক বলেন, খতিয়ান ও দাগ নং আলাদা হলেও সম্পত্তি পাশাপাশি হওয়ায় আমার প্রায় ১ শতাংশ ভূমি রেজাউল করিম মিন্টু অবৈধভাবে দখল করে আছে। এছাড়াও সে যেই দোকানঘর নির্মাণ করেছে, ওই দোকানঘরের চালার টিনও আমার সম্পত্তির উপর দিয়ে রেখেছে।

তিনি আরো বলেন, আমি এর প্রতিবাদ করলে রেজাউল করিম মিন্টু স্থানীয় প্রভাবশালীদের দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদর্শন করে। তিনিও সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টির সমাধান কামনা করেন।

You might like