

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সরকারী লাইসেন্স না থাকায় ৪ আবাসিক হোটেল মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া এসময় অস্বাস্থ্যকর পরিবেশের খাবার পরিবেশন করায় ১ রেন্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

হোটেল পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আবাসিক হোটেল পাঁচতারা, শুকতারা, সিলভার ক্রাউন ও বেনামী একটি হোটেলে যথাক্রমে ৫০ হাজার টাকা করে ৫ ব্যবসায়ীকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার(১৫ জুলাই ) রাত দশটায় কুয়াকাটা পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। এসময় মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী আবু বক্কর সিদ্দিকী বলেন, কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। তারা যাতে কোনোভাবে প্রতারিত না হয় এবং কাগজপত্র বিহীন ও নিম্নমানের খাবার সরবরাহ কারি অসাধু হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।








