কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধিঃ
পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ আবাসিক হোটেল রোজ গার্ডেনের ৪র্থ তলার ডি-৩ কক্ষের মধ্যে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

মহিপুর থানা পুলিশ জানিয়েছে, রোজ গার্ডেন নামের ওই হোটেলে রোববার সকালে দু’দম্পতি পৃথক দুই কক্ষে ওঠেন। বিকেলে হোটেলের কক্ষে সাদিকা ইসলাম রিচি (১৮) নামের ওই নারীকে একা রেখে তারা তিনজন পাশের কক্ষে ছিলেন। এসময় দরজা বন্ধ করে দেন রিচি। কিছুক্ষণ পর দরজা খোলার জন্য ডেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে রিচিকে ঝুলে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষকে জানায়। এরপর পুলিশকে খবর দেয়া হলে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় নেয়।

পুলিশ জানিয়েছে, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। মৃত সাদিকার স্বামী পরিচয়দানকারী যুবকের নাম রায়হান (২০) এবং অপর দম্পতির নাম মোঃ রিফাত (২৫) ও মিথিলা (১৮)। এদের সকলের ঠিকানা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায়।

মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং সাথে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

You might like