

নুরুন্নাহার মুন্নি
ভালো আছে তোমার হাতের আঙুলগুলো ?
এখনও বৃষ্টির শরীর ছোঁয় ?
নির্মল ঘাসের শীতার্ত কান্না মুছে?
রাস্তার শিশুদের আর্তনাদে এখনও কি বার বার নড়ে চড়ে ওঠে তোমার আঙুলের মিনার ?
টেনশনে এখনও কি ঘেমে মাছের শরীরের মতো পিচ্ছিল হয় ?
মনে পড়ে সেই সব দিন,
আঙুলে আঙুল মেলে সূর্যাস্তের বুকে প্রেমের চিহ্ন আঁকা হয়নি
সময়ের বৃত্তে ঘোরাতে ঘোরাতে ক্লান্ত হয়নি তোমার দাপুটে আঙুলগুলো অথচ আমি ক্লান্তিহীন পেন্ডুলাম
তোমার আঙুলেই জমা রাখি আমার আয়ুষ্কাল
যখন ফুটপাত ধরে হাঁটতাম, তখন সান্ধ্যকালীন আমাদের আঙুলের বিয়ে হতো
তোমার ডান হাত আর আমার বা হাতের
যখন রিকশার সিটে তখন তাঁর বিপরীত মনে পড়ে ?

সময় খেতে খেতে ক্ষুধার্ত হয়ে উঠতো তোমার আঙুলগুলো কখনো চিরুনি প্রেম, কখনোর আবার অসংলগ্ন বরই চাটনীর মতো বার বার অপ্রস্তুত হয়েছে স্ব-শরীর
তবুও মুদ্রার ওপিঠে কামনা পুড়েছে তোমার আঙ্গুল পোড়েনি আগলে রাখার ছলে নিতম্ব ছুঁয়ে গেছে পূজার প্রেম
উষ্ণতার তীরে পুড়িয়ে দিতে পারোনি আঙুলের চিতায়
যদি পারতে হয়তো সে আঙুলগুলোই হতো আমার নির্ঘুম রাতের এবাদত।









