

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বাবুরহাট বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুদ করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে মেসার্স আহিল এন্টার প্রাইজকে ৩০ হাজার টাকা, অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে মেসার্স স্মৃতি ট্রেডার্সকে ৫ হাজার টাকা, বোতলজাত সয়াবিন তেল মজুদ পাওয়ায় হাওলাদার ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং পঁচা বাসী মাংস ফ্রিজে সংরক্ষণ করায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ টাকা
জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এসময় মজুদকৃত ৩২০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।
এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশিত : সোমবার, ০৪ মে ২০২৬ খ্রি.















