স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল

স্বরূপকাঠি প্রতিনিধি
হাজার হাজার মানুষের অংশগ্রহণে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজা সম্পন্ন হয়েছে|

মঙ্গলবার সকাল ১১ টায় ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়| পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়| ওয়াহিদ জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন তার জানাজায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ|

মঙ্গলবার ভোরে ওয়াহিদুজ্জামানের লাশবাহী অ্যাম্বুলেন্স স্বরূপকাঠি পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে| তাকে শেষবারের মত দেখতে ও শ্রদ্ধা জানাতে ছুটে আসেন ছোট বড় সবাই|

তার জানাজায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিম›ত্রী আহম্মদ সোহেল মনজুর,পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন,পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক মো. নজরুল ইসলাম খান,সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত,সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, স্বরূপকাঠি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম প্রমুখ|

ওয়াহিদ গত ১৩ জুন (শনিবার) সন্ধ্যায় দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান| সে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের কৌরিখাড়া গ্রামের মৃত আলহাজ্ব মো. হাবিবুর রহমানের ছেলে| মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান তিনি|

প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy