

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে অতিবৃষ্টিতে জন-গুরুত্বপূর্ণ পাকাসড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে বেলকা হয়ে হরিপুরের মাওলানা ভাসানীসেতু পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ এ পাকা সড়কের বিভিন্ন স্থানে দু’পাশে ধসে গেছে। এতে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শুধুমাত্র বাই-সাইকেল, মোটর-সাইকেল, অটো-রিক্সা ছাড়া ভারী ও মাঝারি সবধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এ সড়কে ভারী ও মাঝারি সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঐ অঞ্চলের হাজার হাজার মানুষজন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিনগত রাতে সুন্দরগঞ্জ ও আশপাশের এলাকায় রেকর্ড পরিমাণ অতিবৃষ্টি হয়। বৃষ্টির তীব্রতায় সড়কের দু’পাশের মাটি সরে গিয়ে মাঝে-মধ্যে বড় বড় ধসের সৃষ্টি হয়। বেশ কিছু জায়গায় পিচঢালা সড়ক ভেঙে খাদের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা সড়কের এই কঙ্কালসাররূপ দেখে কর্তৃপক্ষ ও ইউপি চেয়ারম্যানকে খবর দেন।যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বুঝতে পেয়ে ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে দিনমজুর পাঠিয়ে বৃষ্টিতে ঐসব স্থান আর যাতে ধসে না যায় সেজন্য তাৎক্ষণিকভাবে মাটিভর্তি বস্তা সড়কের উপর ফেলিয়ে আইলবাঁধা হচ্ছে।
রাতের বৃষ্টিতে লণ্ডভণ্ড এ সড়কে প্রত্যেক দিন-রাতভর সুন্দরগঞ্জ, বেলকা, হরিপুরসহ রংপুর অঞ্চলের হাজারো মানুষ ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রোগী ও সাধারণ মানুষজন। বিশেষ করে মাওলানা ভাসানীসেতু দিয়ে যাতায়াতকারী দূরপাল্লার যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
বেলকা এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের দু’পাশের ড্রেনেজ ব্যবস্থা ও মাটির বাঁধ মজবুত না থাকায় সামান্য অতিবৃষ্টিতেই ধসে যায়। দ্রুত এটি সংস্কার করা না হলে পুরো সড়কটি বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে।
বর্তমানে সড়কটির দু’প্রান্তে আটকা পড়েছে বহু যানবাহন। তবে হালকা কিছু যানবাহন (যেমন- মোটরসাইকেল ও বাইসাইকেল, রিক্সা-ভ্যান, অটোরিক্সা) অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করার চেষ্টা করলেও তা যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে বলে সতর্ক করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সড়কটি তিস্তানদী ডানতীর রক্ষাবাঁধ হিসেবে এতদিন পানি উন্নয়ন বোর্ড’র (পাউবো) অধিনস্ত ছিল। বর্তমানে হরিপুরস্থ তিস্তানদীর উপর ১৪৯০ দীর্ঘ মাওলানা ভাসানীসেতু নির্মাণকালে কুড়িগ্রামের সঙ্গে ঐ সেতু দিয়ে সুন্দরগঞ্জ উপজেলা সদরসহ রংপুর ও গাইবন্ধা যোগাযোগ রক্ষায় সেতু প্রকল্পের আওতায় আসে এ সড়কটি। ফলে সড়কটি বর্তমানে স্থানীয় সরকার প্রকৌল দপ্তরে আইডিভুক্ত হয়। যার আইডি নং- ১৩২৯১২০১২।
ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্ জানান, পরিস্থিতি জানতে পেয়ে নিজ উদ্যোগে সামান্যতম ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হয়েছে।
উপজেলা এলজিইডি সূত্রে জানিয়েছে, ক্ষতিগ্রস্থ সড়কটির পরিস্থিতি বিষয়ে ইতঃমধ্যে উপরমহলে অবগত করে দ্রুত মেরামতসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।














