

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে জলবায়ুর ভারসাম্য রক্ষা ও একটি সবুজ-সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের তাড়াশ থানায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো সাইফুল ইসলাম শানতুর উপহারকৃত ১৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা এই কর্মসূচির আওতায় রোপণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৯জুন) সকালে তাড়াশ থানা কম্পাউন্ড ও এর আশপাশের এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।
এতে নেতৃত্ব দেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান। এ সময় থানার সকল স্তরের পুলিশ সদস্য ও ফোর্সবৃন্দ অত্যন্ত উৎসাহ ও পরম যত্নে চারাগাছগুলো রোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে ওসি মো. হাবিবুর রহমান বলেন, “মাননীয় পুলিশ সুপারের পক্ষ থেকে পাওয়া এই গাছগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শুধু গাছ রোপণই করছি না, এই গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিচ্ছি।”
তিনি আরও বলেন, “পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই এবং আমাদের চারপাশকে সবুজে শ্যামল ও নিরাপদ করে তুলি।”
এই মহতি উদ্যোগটি স্থানীয় সচেতন মহলের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
















