

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত জেলা পঞ্চগড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় তিনি মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মন্দির পরিদর্শনকালে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৮ বিজিবির আওতাধীন পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় যেসব পূজামণ্ডপ রয়েছে, সেগুলোর নিরাপত্তায় বিজিবি কাজ করছে। টহল দল সব সময় তৎপর রয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা বিজিবির টহল দল তৎপর রয়েছে। যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৫টি পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। নাশকতা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবেও প্রস্তুত রয়েছে বিজিবি।
এ ছাড়া জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্বক্ষণিক নজরদারির জন্য চালু করা হয়েছে মনিটরিং সেল। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়িয়ে যাতে পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির এই বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ খ্রি.














