শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার(১৪ অক্টোবর ) ছাত্রীদের অংশগ্রহণে উইক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে নাগরিক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।

নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস।

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ আমাদের সমাজের অন্যতম বড় সমস্যা। নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং কন্যাশিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সবার দায়িত্ব। তিনি বলেন বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া মাত্র প্রশাসনকে জানাতে হবে। একই সঙ্গে যৌতুক, নির্যাতন, যৌন হয়রানি ও অন্যান্য সহিংসতার বিরুদ্ধেও সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। তিনি অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সচেতন নাগরিক সকলকে একসঙ্গে এ বিষয়ে ভূমিকা রাখার কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।

উল্লেখ্য এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফয়ার্স কানাডা, ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে মঙ্গলবার অনুরুপ অনুষ্ঠান কাশিমাড়ী ইউপির কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রকাশিত:  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy