হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় নির্মাণশ্রমিক ও শিশুর করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুইটি দুর্ঘটনায় নির্মাণশ্রমিক ও শিশু কিশোরের করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে।  ১৯ জুন শুক্রবার পৌরসভার টোরাগড় এলাকায় নির্মাণাধীন একটি ৫তলা ভবনের কাজ করার সময় উপর থেকে পড়ে মহিন সরকার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মহিন সরকার সুহিলপুর পুরান সরকার বাড়ির মরহুম হানিফা মিয়ার একমাত্র ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মহিন সরকার একটি নির্মাণাধীন ভবনের ওপর কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিন সরকারের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একই দিন শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভার সম্মুখে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানাযায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পৌরসভার সম্মুখে সড়ক পারাপার হওয়ার সময় দ্রুত গতির গাড়ীর ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পেজবুকে ছবি ছড়িয়ে পড়লে তার পরিচয় নিশ্চিত হয়।

নিহত শিশু নাহিদুল ইসলাম (৭) উপজেলার দক্ষিণ বড়কুল গ্রামের মনির হোসেন জমাদারের ছেলে। তার মায়ের নাম নয়ন আক্তার।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, দুইটি লাশ থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা না দিলেও পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করবে।

প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy