সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়।

এর আগে রাতে উক্ত বিএনপি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, আজ শনিবার সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখেন তারা। এরপর বিষয়টি তাৎক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা ককটেল দুটি উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় দূর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দেয়। এতে অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষতি হয়েছে।

এদিকে এঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রকাশিত : শনিবার, ২০ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy