চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম: সুসুয়া চরে ৬৯ শিশুর মাঝে নতুন পোশাক, শিক্ষা উপকরণ ও ক্যালকুলেটর বিতরণ

স্টাফ রিপোর্টার :

 টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সুসুয়া চরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় সুসুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে ‘চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম (CSP)’-এর আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন অর্জুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন দেলসাদ। এ সময় উপস্থিত ছিলেন সুসুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মনিরুর রহমান, সিএসপি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ কর্মসূচির আওতায় মোট ৬৯ জন শিশুর মাঝে নতুন পোশাক, স্কুল ব্যাগ, পানির বোতল, ছাতা এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল প্রতিটি শিশুর জন্য পেন্সিল (১ বাক্স/১২টি), শার্পনার ২টি, রাবার ৩টি, রং পেন্সিল (১ বাক্স/১২টি), অয়েল প্যাস্টেল (২৪ রঙের) ১ বাক্স, ড্রইং খাতা ৩টি এবং নোটবুক ৩টি। এছাড়াও ৫০ জন শিশুর মধ্যে ক্যালকুলেটর বিতরণ করা হয়।

বিভিন্ন সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উপকারভোগী শিশুরা এবং তাদের অভিভাবকরা সুশীলন ও এইচসিআই-এর প্রতি তাদের মানবিক সহায়তা ও অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সিএসপি প্রকল্পের মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।

প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ খ্রি
.

You might like