

মাকসুমুল মুকিম, দোহার উপজেলা প্রতিনিধি
তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তুলতে ঢাকার দোহারে দিনব্যাপী ‘ইয়ুথ সাসটেইনেবিলিটি বুট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় দোহার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এবং গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি এর উদ্যোগে সিডিপি প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দোহার সিডিপির ম্যানেজার বিমল গোলদার । পরবর্তীতে তিনি গুড নেইবারস বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে তরুণদের সামনে বিস্তারিত তুলে ধরেন। ক্যাম্পের শুরুতেই অংশগ্রহণকারীদের পরিচিতি এবং পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা তৈরির (আইসব্রেকিং ও র্যাপোর্ট বিল্ডিং) সেশন পরিচালনা করেন সিডিপি প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আজাদ হোসেন।
বুট ক্যাম্পের অন্যতম প্রধান আকর্ষণ ছিল
এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের দুটি অনুপ্রেরণামূলক সেশন। তিনি বড় স্বপ্ন দেখা, আত্মবিশ্বাস, প্রতিকূলতা জয় এবং স্বপ্নকে বাস্তব কর্মে রূপ দিয়ে টেকসই পরিবর্তনের কারিগর হওয়ার বিষয়ে তরুণদের দিকনির্দেশনা দেন ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এছাড়াও তরুণদের সৃজনশীলতা ও দলগত দক্ষতা বাড়াতে ‘দ্য সাসটেইনেবিলিটি টাওয়ার চ্যালেঞ্জ’ নামে একটি ইন্টারেক্টিভ টিম চ্যালেঞ্জ পরিচালিত হয়।
মো. সাইদুল হকের পরিচালনায় এই পর্বে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতার প্রমাণ দেয়।
দুপুরের মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে শুরু হয় আনন্দঘন ও প্রতিযোগিতামূলক পর্ব। রবীন্দ্রনাথ শীলের পরিচালনায় মজার খেলাধুলা (ফান গেমস) এবং রাশেদুল ইসলামের পরিচালনায় কুইজ প্রতিযোগিতায় মেতে ওঠে অংশগ্রহণকারীরা। এরপর তরুণরা দিনব্যাপী ক্যাম্পের অভিজ্ঞতা ও ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের কারিগর হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সবশেষে সিডিপি টিমের তত্ত্বাবধানে লটারি, বিজয়ীদের মাঝে উপহার বিতরণ ও স্বীকৃতি প্রদান করা হয়। দোহার সিডিপি ম্যানেজার বিমল গোলদার ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ খ্রি.














