কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

মালিকুজ্জামান কাকা
যশোর-৬ কেশবপুরের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকা লালমাটিয়ার এক বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ৩৩ বছর বয়সী এই সাবেক সংসদ সদস্যের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল ইসলাম। ঈগল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

রাজনৈতিক জীবনে আজিজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আজিজুল ইসলামের বিরুদ্ধে কেশবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে মামলা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।

প্রকাশিত:  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy