তাড়াশে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া ইসলাম (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ তুলেছে তার পরিবার। তানিয়া ইসলাম (২২/২৪), বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে।

স্বামী: মো. শাহ পরান, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তানিয়া ইসলাম ও মো. শাহ পরানের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা তাড়াশের বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করে আসছিলেন।

প্রতিদিনের মতো সোমবার রাতেও স্বামী-স্ত্রী নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। তবে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ওই ঘরে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।নিহতের পরিবারের দাবি, স্বামী শাহ পরান তানিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে গেছেন। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

You might like

About the Author: priyoshomoy