সিরাজগঞ্জ তাড়াশের চলনবিলে পিকনিকের আড়ালে চলছে মাদক ও অশ্লীল নাচগান

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের কুশাবাড়ি, নাদোসৈয়দপুর ও কুন্দইল বিল এলাকায় পিকনিকের আড়ালে মাদক সেবনসহ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাংবাদিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি সাংবাদিকরা ওই এলাকাগুলোতে গেলে কয়েকজন নারীসহ বিপুলসংখ্যক পুরুষের উপস্থিতি দেখতে পান বলে দাবি করেছেন। সাংবাদিকদের অভিযোগ, সেখানে ইয়াবা, বাংলা মদ, চোলাই মদ, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবনের চিত্র তাদের নজরে আসে।

এ সময় ঘটনাস্থলের ভিডিও ধারণের চেষ্টা করলে উপস্থিত কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের কাজে বাধা দেন এবং হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।

অভিযোগকারীদের দাবি, অভিযুক্তরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থার নাম উল্লেখ করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত এবং তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারবে না। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, পিকনিকের নামে দীর্ঘদিন ধরে চলনবিলের বিভিন্ন নির্জন এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের আসর বসছে।

এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত অভিযান পরিচালনা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি সাংবাদিক ও স্থানীয়দের আহ্বান, অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬

You might like