

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। বুধবার সকালে দিনটি উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী।

তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে তাড়াশের রাজপথ।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে। এই বিজয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বক্তারা আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণার্থে বিশেষ মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল রহমান টুটুল, প্রফেসর দুলাল হোসেন, বিএনপির অন্যতম নেতা অধ্যাপক আব্দুল হাকিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুজ, প্রফেসর ওবায়দুল হোসেন, যুব দলের আহবায়ক এফএম শাহআলম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খান, ছাত্র দলের সদস্য সচিব শাহাদত হোসেন, জুলাই যোদ্ধা নিরব হোসেন প্রমুখ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী , পৌর বিএনপি নেতা কর্মী এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।
প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট ২০২৬















