সিরাজগঞ্জ তাড়াশে কচুরিপানার ভেতর থেকে মিলল সিএনজি চালকের লাশ

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খালের কচুরিপানার ভেতর থেকে মিলন মিয়া (৩১) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি জাঙ্গালিয়া গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। তবে প্রায় ২০ বছর ধরে তিনি বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারে তাঁর ১২ বছর বয়সী এক ছেলে ও ৭ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কয়েকজন কৃষক জমিতে কাজ করতে গিয়ে খালের কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মিলন মিয়ার মরদেহ শনাক্ত করেন। এ সময় দেখা যায়, তাঁর পরনে একটি টি-শার্ট ও ফুল প্যান্ট ছিল। কয়েকদিন পানিতে পড়ে থাকায় মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

স্বজনরা জানান, মিলন মিয়া ভাড়ায় সিএনজি চালাতেন।

গত রবিবার (২ আগস্ট) তিনি বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘ পাঁচ দিন পর শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

প্রকাশিত :  ‍শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy