সিরাজগঞ্জ তাড়াশে ৪ বিঘা জমির পাকা আউস ধান নষ্টের অভিযোগ

 জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের নামা সিলেট গ্রামে আদালতের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে ভুল দাগে বাঁশগাড়ি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কৃষকের চার বিঘা জমির আউশ ধান কেটে ও পারিয়ে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নামা সিলেট গ্রামের মো. মোতাহার গং ও তালম গ্রামের খোকন গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১০ আগস্ট (সোমবার) আদালতের আদেশ অনুযায়ী সিলট মৌজার ৮৪৮ নম্বর দাগে বাঁশগাড়ি দেওয়ার কথা ছিল।

তবে অভিযোগ রয়েছে, আদালতের আদেশে নির্ধারিত দাগের পরিবর্তে ভুল করে ৮৩৯ নম্বর দাগে বাঁশগাড়ি দেওয়া হয়। ওই দাগে কৃষক আবুল কালামের প্রায় চার বিঘা জমিতে আউশ ধান চাষ করা ছিল। বাঁশগাড়ি দেওয়ার সময় জমিতে থাকা পাকা হওয়ার পথে আউশ ধান কেটে ও পারিয়ে নষ্ট করা হয়।

ভুক্তভোগী কৃষক আবুল কালাম বলেন, আমার লাগানো আউশ ধান আর কয়েকদিন পর কাটার সময় হতো। এর মধ্যেই চার বিঘা জমির সব ধান কেটে ও পারিয়ে নষ্ট করা হয়েছে। যার জমি, সে দখল করবে—এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার জমির ধান কেন নষ্ট করবে?

অভিযোগের বিষয়ে খোকনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমরা ভুল করে অন্য জায়গায় বাঁশগাড়ি করেছি। তবে এলাকার মাতব্বরদের সঙ্গে কথা হচ্ছে, আমরা ক্ষতিপূরণ দেব।

এ বিষয়ে তাড়াশ থানার এসআই মিজানুর রহমান বলেন, আদালতের আদেশে বাঁশগাড়ি দেওয়ার সময় আমরা সেখানে গিয়েছিলাম। আদালত থেকে লোকজনও ছিলেন। আমরা তো আর জানি না কার কোন জমি। সে ক্ষেত্রে আমার কিছু বলার নেই।  ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক তার ক্ষতিপূরণ দাবি করেছেন।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

You might like