

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
সুশিক্ষার পরিবেশ ও মানসম্মত পাঠদানের মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

গত (১৮আগষ্ট) মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শনকালে টিফিনের পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় দেখা যায়, অধিকাংশ শ্রেণিকক্ষে টিফিনের পর শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিষয়টি শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহণ ও শিক্ষার মানের জন্য উদ্বেগের কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ইউএনও মাহমুদুল হাসান। একই সঙ্গে উপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, শ্রেণিকক্ষে পাঠ্যবই সঙ্গে রাখা এবং বিজ্ঞানসহ ব্যবহারিকভিত্তিক বিষয় পড়ানোর সময় শিক্ষকের নির্দেশনা অনুযায়ী খাতায় অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, শুধু বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিফিনের পর শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে একটি পূর্ণাঙ্গ শিক্ষাদিবস কার্যত অসম্পূর্ণ থেকে যায়, যা দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং টিফিনের পরও তারা শ্রেণিকক্ষে অবস্থান করছে কি না, সে বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগেই একটি শৃঙ্খলাপূর্ণ ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

















