

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসাসেবার মান এবং রোগীদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তিনি।

আকস্মিক পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)-এর সঙ্গে হাসপাতালের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যালোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
এ সময় তিনি হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও অন্যান্য সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।
পরিদর্শনের এক পর্যায়ে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ প্রাপ্তি এবং সামগ্রিক স্বাস্থ্যসেবা বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন ইউএনও।
এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদার এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, হাসপাতালে আগত প্রতিটি রোগী যেন হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি হাসপাতাল এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে বন্ধ করে একটি নিরাপদ ও রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

















