তাড়াশে গরু চুরি ঠেকাতে রাস্তায় গাছ ফেলে সারা রাত পাহারা

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের রাধাকান্তপুর এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। চুরি ঠেকাতে রাতের বেলায় সড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। এ পরিস্থিতিতে নিজেদের গবাদিপশু ও সম্পদ রক্ষায় রাতে দলবদ্ধভাবে পাহারা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও অপরিচিত ব্যক্তিদের গতিবিধি নজরদারিতে রাখছেন পাহারাদাররা।

স্থানীয়রা জানান, রাত ১২টার পর এলাকায় কোনো গাড়ি বা অপরিচিত ব্যক্তিকে দেখা গেলে তাদের পরিচয় ও চলাচলের কারণ সম্পর্কে জবাবদিহি করতে হবে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে ভোর পর্যন্ত পাহারাদারদের সঙ্গে থাকতে হবে বলেও জানান তারা।

গরু চুরি বন্ধে নিজেদের উদ্যোগে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। তবে এ পরিস্থিতিতে চুরি প্রতিরোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচল এবং সন্দেহভাজন কাউকে আটক করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও পুলিশের কার্যকর নজরদারি বাড়ানো হলে গরু চুরির ঘটনা কমবে এবং গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে।

প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy