

মালিকুজ্জামান কাকা :
যশোরের অভয়নগর উপজেলার পল্লীতে নিজ ঘরে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দূবৃত্তরা। হত্যার শিকার বৃদ্ধা আছিয়া বেগম (৭৫) উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে
নিজ ঘর থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতো।
স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময়ে চোরেরা ঘরে ঢোকার পর হয়তো তার ঘুম ভেঙ্গে গেলে চোরেরা হত্যা করে পালিয়ে যায়।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর মা ও খালা দুইজনে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) সেই খালা তাঁর এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিল। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এবপর্যায়ে প্রতিবেশীরা দেখেন, বসতঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসে মায়ের মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, সকালে এসে দেখি খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুজে পাওয়া যাচ্ছে না। ওরা আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘নিজ ঘরের ভেতর খাটের ওপর থেকে বৃদ্ধ নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে। তদন্তের স্বার্থে তেমন কিছু বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.














