

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে ১৫ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর-্ষণচেষ্টার অভিযোগে আব্দুল সালাম ওরফে জতি (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারুহাস বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আব্দুল সালাম ওরফে জতি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের মৃত আকবর কেরানীর ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর বিকেল ৫টার দিকে ওই কিশোরী বাড়ির পাশের পুকুরপাড়ে একা অবস্থান করছিল। এ সময় সুযোগ বুঝে আব্দুল সালাম তাকে ধর-্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ২০ অক্টোবর সন্ধ্যায় কিশোরীর বাবা বাদী হয়ে তাড়াশ থানায় ধর-্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত আব্দুল সালাম পলাতক ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার (২১ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, আসামিকে গতকাল রাতে বারুহাস বাজার এলাকা থেকে গ্ৰেফতার করা হয়।
মামলার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আসামিকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ খ্রি.














