রাজধানীতে ডিবির অভিযানে শাহরাস্তির আওয়ামী লীগ নেতা রুমী আটক

মোঃ কামরুজ্জামান সেন্টু :
রাজধানীর বাংলামোটর এলাকায় ডিবির অভিযানে চাঁদপুরের শাহরাস্তির আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটকের পর রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।

পুলিশ জানায়, রুমীর বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন এবং এলাকায় সহিংস তৎপরতায় অর্থ জোগানের অভিযোগও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন সহিংস ঘটনায় অর্থদাতা হিসেবে তাঁর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। এসব অভিযোগ এখনো সত্য প্রমাণিত হিসেবে বিবেচিত হয়নি।

চাঁদপুর জেলার ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’-এর আহ্বায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যের তালিকায়ও তাঁর নাম রয়েছে। ওই তালিকা ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি এজাহারের কপি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকার বিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের করা ওই মামলায় তাঁকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ওমর ফারুক রুমী ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়েছিলেন। ভোটের ফলাফলে তিনি ২৬ হাজার ৯৮ ভোট পান, আর ঘোড়া প্রতীকের প্রার্থী মকবুল হোসেন পাটোয়ারী ৩২ হাজার ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy