

মালিকুজ্জামান কাকা :
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নম্বর-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওরফে মিন্টু গাজীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম।
শুক্রবার ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মিন্টু গাজী যশোর শহরের বকচর হুশতলা বৌবাজারের আব্দুল হামিদ গাজীর ছেলে।

এর আগে গাড়ির কাজ করতে রাজি না হওয়ায় শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ২৭ আগস্ট সকালে বকচর হুশতলা এলাকায় বাপ্পী রহমানের ভাড়া বাসায় তাকে লোহার রড দিয়ে পেটানো এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। পরে আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন সময় মিন্টু গাজীর নানা কর্মকান্ডে এলাকায় আলোচনা-সমালোচনা বিস্তর। এই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর তাকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন করেন স্থানীয় যুবদল নেতা-কর্মীরা।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ খ্রি.














